চট্টগ্রামে সাত বেকারির বিরুদ্ধে মামলা
পণ্যের গুণগত মান যাচাই ও লাইসেন্স ছাড়া উৎপাদন ও বিক্রি করায় চট্টগ্রামে সাত বেকারির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। আজ বুধবার নগরের পাহাড়তলী ও হালিশহর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
বিএসটিআই চট্টগ্রামের পরিচালক মো. সাইদুল ইসলাম জানান, বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে খাদ্য উৎপাদন, বিক্রি ও বিতরণ শাস্তিযোগ্য অপরাধ। লাইসেন্স না থাকলে পণ্যের গুণাগুণ যাচাইয়ের সুযোগ থাকে না। সে কারণে লাইসেন্স না থাকায় সাতটি পাউরুটি, কেক ও বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করা হয়েছে।
বিএসটিআই সূত্র জানিয়েছে, মামলা হওয়া বেকারিগুলো হচ্ছে আগ্রাবাদ এক্সেস রোডের মেসার্স মিশান ফুডস, উত্তর কাট্টলীর মেসার্স দেশ ফুড প্রোডাক্ট, নোয়াপাড়া পাহাড়তলীর মেসার্স খাজা ফুড প্রোডাক্ট, সরাইপাড়া প্রাণ হরিদাশ রোডের মেসার্স মারিয়া ফুড প্রোডাক্ট, লোহারপুলের মেসার্স প্যারাগন বেকারী অ্যান্ড কনফেকশনারী, জাকির হোসেন রোড ফয়েজ লেকের পাশে মেসার্স ফুড প্লাজা এবং সবুজবাগ রামপুর এলাকার মেসার্স নিউ মিতালী ফুড প্রোডাক্ট।