চট্টগ্রামে সাবেক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য গোপন করে নাগরিক সনদ নেওয়া ও দেওয়ার অভিযোগে চট্টগ্রামের সাবেক এক ওয়ার্ড কাউন্সিলর ও চাকরিচ্যুত এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার দুদকের চট্টগ্রাম-১-এর উপপরিচালক আবুল বাশার নগরের কোতোয়ালি থানায় এই মামলা করেন।
মামলার বিবাদীরা হলেন নগরের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ এম শাহাবউদ্দিন ও চাকরিচ্যুত কারারক্ষী বাবুল হোসেন। শাহাবউদ্দিন আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিনের বড় ভাই।
সূত্র জানায়, ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগে গত বছরের ৩১ ডিসেম্বর বাবুল চাকরিচ্যুত হন।
দুদকের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া বলেন, ‘বাবুল হোসেন কুমিল্লার বুড়িচংয়ের বাসিন্দা হওয়ার পরও চট্টগ্রামের আন্দরকিল্লার স্থায়ী নাগরিক হিসেবে জাতীয়তা সনদ গ্রহণ করে ২০০১ সালে কারারক্ষীর চাকরি নেন। শাহাবউদ্দিন ওই সনদ ইস্যু করেন। এটি ভুয়া হিসেবে প্রমাণিত হওয়ার পর আমরা মামলা করি।’
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া মামলার সত্যতা নিশ্চিত করেছেন।