চট্টগ্রামে সাবেক ওয়ার্ড কাউন্সিলর হকারের হামলায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাতের এক হকারের হামলায় গতকাল শনিবার সন্ধ্যায় আহত হন চট্টগ্রামের বন্দরটিলা এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসলাম। এ ঘটনায় আসলামের সমর্থকেরা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরটিলার বে-শপিং বিপণিবিতানের কাছে ফুটপাতের তৈয়ব নামের এক হকারের হামলায় গতকাল সন্ধ্যায় আসলাম আহত হন। চট্টগ্রামের একটি ক্লিনিকে তাঁকে ভর্তি করা হয়েছে। তাঁর ওপর হামলা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।হকারদের সূত্র জানায়, আসলাম নিয়মিত চাঁদাবাজি করেন। গতকাল সন্ধ্যায় চাঁদা চাইতে গেলে তাঁর ওপর হকার তৈয়ব হামলা চালান। এতে তিনি আহত হন। তবে অন্য সূত্র জানায়, চাঁদাবাজি নয়, কথা-কাটাকাটি থেকে তৈয়ব আসলামের ওপর হামলা চালান। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আসলামের ওপর হামলার পর তাঁর সমর্থকেরা তৈয়বকে বেদম পেটান। এতে তৈয়ব গুরুতর আহত হন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন।