চট্টগ্রামে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, সহিংসতা এবং বিভিন্ন স্কুল-কলেজে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম নগরে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশগুলোতে বক্তারা অবিলম্বে এসব হামলা ও দেশের সম্পদ রক্ষায় কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে নগরের প্রেসক্লাবের সামনে বিকেলে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের শিশুরা যোগ দেয়। খেলাঘরের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক রূপক চৌধুরী, উদীচীর সহসভাপতি চন্দন দাশ, সাংবাদিক এম নাসিরুল হক, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, সংস্কৃতিকর্মী রাশেদ হাসান, অঞ্চল চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। সভায় বক্তারা বলেন, প্রতিবার নির্বাচন এলে সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়। এবার তার সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন স্কুলে অগ্নিসংযোগ। একাত্তরের মতো সহিংসতা শুরু করেছে পরাজিত শক্তিরা। তাদের প্রতিরোধের জন্য কঠোর আইন প্রয়োগ করতে হবে। তাঁরা আরও বলেন, প্রয়োজনে ট্রাইব্যুনাল গঠন করে এদের বিচার করতে হবে। এরা এ দেশের মানুষ শিক্ষিত হোক, তা চায় না। তাই তারা শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ শুরু করেছে।
সমাবেশ শেষে পরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মোমিন রোডে গিয়ে শেষ হয়। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে বোধন আবৃত্তি সংগঠন। ‘মুক্তিযুদ্ধের চেতনা সম্প্রদায়িক রাষ্ট্র না’ এই শিরোনামে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অধ্যাপক হোসাইন কবির, উদীচীর চন্দন দাশ, বোধনের সাংগঠনিক সম্পাদক প্রণব চৌধুরী, সংস্কৃতিকর্মী অনুপ বিশ্বাস প্রমুখ।
একই সময় নগরের ডিসি হিলে মানববন্ধন করে বাংলাদেশ মাইনরিটি পার্টি নামে একটি সংগঠন। এতে সাম্প্রদায়িক হামলা, ধর্ষণ, লুটপাট ও সহিংসতার বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়। এতে বক্তব্য দেন পার্টির নগর সভাপতি নেপাল দাশগুপ্ত, কেন্দ্রীয় সহসভাপতি শচীন্দ্র লাল দে, দয়াময় আচার্য, বিপুল লোধ, অমরেন্দ্র মল্লিক প্রমুখ। এবার ৩৮ জেলার ২৯৫টি গ্রাম ও শহরে এক হাজার ৬৪৫টি বসতঘরে ভাঙচুর ও সহিংসতা এবং ১০৪টি উপসনালয় সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে এ সময় অভিযোগ করা হয়।