চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকায় গতকাল শুক্রবার সারা দিনে সূর্যের দেখা মেলেনি। হাড়কাঁপানো ঠান্ডায় কেঁপেছে মানুষ। বিপর্যস্ত ছিল জনজীবন। গতকাল বিকেলে নগরে শীতে ছিন্নমূল এক নারীর মৃত্যু হয়েছে বলেও খবর পাওয়া গেছে। চট্টগ্রামে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবারও একই মাত্রার শীত অনুভূত হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।গতকাল সকাল থেকে চারদিক কুয়াশায় ঢাকা ছিল। ঝিরঝির বৃষ্টির মতো কুয়াশা ঝরছিল। দুপুরের পর থেকে কুয়াশা কেটে গেলেও সারা দিনে সূর্যের আলো দেখা যায়নি। চট্টগ্রামে এখনো শৈত্যপ্রবাহ শুরু না হলেও উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস ঘণ্টায় ৮ থেকে ১৮ মাইল বেগে প্রবাহিত হচ্ছে। ফলে ঠান্ডা আরও বেশি অনুভূত হচ্ছে।উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, চাটগাঁও এলাকায় শীতে এক ছিন্নমূল নারীর মৃত্যু হয়েছে।চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিবদের মধ্যে ২৫০টি কম্বল বিতরণ করেছি। আমাদের ভান্ডারে আপাতত কোনো কম্বল বা শীতবস্ত্র নেই। তাই মন্ত্রণালয়ের কাছে আরও ২০ হাজার কম্বলের চাহিদাপত্র পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে, যাতে দ্রুত কম্বল পাওয়া যায়।’পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি হওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে বলে আবহাওয়াবিদেরা জানান। সারা দিনের বৈরী আবহাওয়ার কারণে রাস্তাঘাটে যানবাহন ও মানুষজন কম দেখা গেছে। বাসাবাড়ি থেকে বেরিয়ে আসা লোকজনের গায়ে ছিল মোটা গরম কাপড়। কোথাও কোথাও রাস্তার পাশে আগুন জ্বালিয়ে উত্তাপ নেয় সাধারণ মানুষ।এদিকে, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।