চট্টগ্রামে সার্কিট প্যানেল বিক্রি, পিডিবির তিন কর্মকর্তা বরখাস্ত
চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নিরাপত্তা বিভাগের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিত্যক্ত একটি উপকেন্দ্রের সার্কিট প্যানেল অবৈধভাবে বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তর থেকে তাঁদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।পিডিবি সূত্র জানায়, এই তিনজন কর্মকর্তা হলেন সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) এ বি এম আবদুল হালিম, পরিদর্শক আবদুল মোতালেব ও আবুল কালাম আজাদ। এই তিনজন কর্মকর্তা চট্টগ্রাম পিডিবির প্রধান ভবন, ১১টি বিক্রয় ও বিতরণ বিভাগ এবং ২৮টি উপকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে আছেন।আবদুল হালিম বলেন, ‘সাময়িক বরখাস্তের বিষয়ে জানি না। আমাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। ওই সময় আমি চট্টগ্রামেই ছিলাম না। এটি ষড়যন্ত্র।’খোঁজ নিয়ে জানা গেছে, ১২ আগস্ট আগ্রাবাদ ৩৩/১১ কেভি পরিত্যক্ত উপকেন্দ্রের দুটি সার্কিট প্যানেল বিক্রি করা হয়। বিষয়টি আগ্রাবাদ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে জানানো হয়। ওই ঘটনার তদন্তে চট্টগ্রাম পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলীর (উত্তর) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।পরে গত সোমবার রাতে আগ্রাবাদ বিক্রয় কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. মকবুল হোসেন ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং বিষয়টি লিখিতভাবে পিডিবির উচ্চপর্যায়ে জানান। এরই পরিপ্রেক্ষিতে গতকাল তিনজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, তিন নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে করা জিডি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে থানায় আবেদন করা হয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে প্রধান প্রকৌশলী সুজিত চাকমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।