চট্টগ্রামে সালোয়ার কামিজের বৈচিত্র্যময় ছাঁট নজর কাড়ছে
গতবারের মতো এবারও কামিজে লম্বা ঝুলের জয়জয়কার। কিন্তু ঝুলের আকারে আছে নানা বৈচিত্র্য। ঝুল ও ছাঁটে বৈচিত্র্যময় সালোয়ার কামিজই এবারের তরুণীদের পছন্দের শীর্ষে। চট্টগ্রামের বিভিন্ন বিপণিবিতান ঘুরে এমনটাই দেখা গেছে।
বিভিন্ন বুটিক হাউস ও বিপণিবিতানের দোকানগুলোতে এবার ফ্রক, আনারকলি ছাঁটের পোশাকের বাহার বেশি দেখা গেছে। তিন কোনা ছাঁট, পেছনে লম্বা সামনে ছোট ছাঁট, গোলাকার কাট—এ ধরনের পোশাক ক্রেতারা বেশি পছন্দ করছেন। পাশাপাশি গত দুই বছরের মতো লম্বা ঝুলের স্লিম ফিটিংয়ের সালোয়ার কামিজও ভালো চলছে। শিফন, ক্রেপ, জর্জেট, নেট, সুতি, লিনেন কাপড়ে ফ্রকের চল বেশি। ফ্রকের নিচের ঘেরে রয়েছে কাতান কাপড় কিংবা পাথর বসানো ও কাজ করা লেস। ক্রেতারা গলায় ও বুকে নানা ধরনের ইয়ক, সুতা, এমব্রয়ডারি, জারদৌসির কাজ পছন্দ করছেন বেশি। সালোয়ার হিসেবে তরুণীরা পছন্দ করছেন চুড়িদার, লেগিংস, পালাজ্জো।
বিক্রেতারা জানিয়েছেন, ভারতীয় নায়িকা কিংবা টেলিভিশন সিরিয়ালের অভিনেত্রীদের পোশাকের সঙ্গে মিলিয়ে নিজেদের ঈদ পোশাকটি কিনতে চান অনেক তরুণী। বিশেষ করে, ছয় ছাঁটের বেশি ঘের দেওয়া ‘পাখি’ নামের থ্রি-পিসের জনপ্রিয়তা এবার তুঙ্গে। এ ছাড়া পায়ের গোড়ালি পর্যন্ত গাউন ডিজাইনের লম্বা পোশাকের চাহিদাও এবার ব্যাপক।
নগরের ইউনুস্কো সেন্টারের আংরাখা বুটিকের বিক্রয়কর্মী ফারজানা মিতু জানালেন, ক্রেতাদের কথা মাথায় রেখে ভারত থেকে আমদানি করা পোশাকের নকশা অনুকরণ করে নতুন পোশাক তৈরি করা হয়েছে। এতে করে তুলনামূলক কম দামে ক্রেতারা পছন্দের পোশাকটি কিনতে পারছেন।
ষোলশহর শপিং কমপ্লেক্স থেকে সাড়ে ৪২০০ টাকায় ফ্রক ছাঁটের সালোয়ার কামিজ কিনেছেন বহদ্দারহাট এলাকার সুমাইয়া। প্রথম আলোকে তিনি বলেন, ‘এবার পোশাকের দাম আগেরবারের তুলনায় বেশি। ভেবেছিলাম সাড়ে তিন হাজার টাকার মধ্যে পোশাক কিনব। কিন্তু পছন্দের পোশাক কিনতে বাজেট অতিক্রম করতে হলো।’
বিপণিবিতানগুলোতে লম্বা ছাঁটের স্লিম ফিটিং সালোয়ার কামিজের দাম পড়ছে ১৮০০ থেকে ৭০০০ টাকা। আর আনারকলি, ফ্রক ও গাউন ছাঁটের পোশাকের দাম পড়ছে ২৫০০ থেকে ৯০০০ টাকা। তবে ভারত থেকে আমদানি করা পোশাকের দাম বেশি। ৪০০০ থেকে ৫০ হাজার টাকা বিক্রি হচ্ছে পোশাকগুলো।
মিমি সুপার মার্কেটের আকর্ষণ বুটিকের ব্যবস্থাপক মো. হাসান প্রথম আলোকে জানান, ক্রেতারা ৪০০০ থেকে ৮০০০ টাকার মধ্যে পোশাক বেশি কিনছেন।
আড়ং, দেশী দশ, পিনন, শৈল্পিক প্রভৃতি নামকরা বুটিকে দেশি কাপড়ে নানা নজরকাড়া পোশাকগুলোও ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে। সুতি, সিল্ক, অ্যান্ডি সিল্ক কাপড়ের পোশাক বেশি চলছে বলে জানালেন বিক্রয়কর্মীরা। আফমি প্লাজায় অবস্থিত রঙ-এর বিক্রয়কর্মী ফরহাদ জানান, একটু ভিন্নধর্মী ছাঁটের ও উজ্জ্বল রঙের পোশাক বেশি কিনছেন ক্রেতারা। কাপড় ও নকশাভেদে বুটিক হাউসগুলোতে ১৭০০ টাকা থেকে শুরু করে ১৫০০০ টাকার মধ্যে সালোয়ার কামিজ বিক্রি হচ্ছে।