চট্টগ্রামে সাড়ম্বরে মহাসপ্তমী পালিত

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে গতকাল শনিবার সকাল থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন মণ্ডপে ঢল নামে পূজারিদের। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, আরতি আর চণ্ডীপাঠে মুখরিত ছিল প্রতিটি মণ্ডপ। অর্চনা শেষে অঞ্জলি গ্রহণ করেন তাঁরা। পূজারিদের অনেকে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ঘুরে বেড়িয়েছেন।
গতকাল সকাল সাড়ে নয়টায় পরিবারের সদস্যদের নিয়ে জেমসেন হলের মণ্ডপে পূজা দেন আন্দরকিল্লার বাসিন্দা আরতি দাশ। প্রথম আলোকে তিনি বলেন, ‘বিভিন্ন মণ্ডপ ঘুরে দুর্গা মায়ের প্রতিমা দেখছি। সুযোগ পেলে প্রসাদ নিচ্ছি। খুব ভালো লাগছে।’
সন্ধ্যার পর ঝলমলে আলোকসজ্জায় রঙিন হয়ে ওঠে মণ্ডপগুলো। সন্ধ্যার পর অনেকে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে দল বেঁধে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়িয়েছেন। হাজারী লেনে পূজামণ্ডপে সাত বন্ধুকে নিয়ে প্রতিমা দেখতে আসেন অন্তু ধর। দেশের বাইরে পড়াশোনা করেন তিনি। পরিবারের সঙ্গে পূজা উদ্যাপন করতে দেশে আসা অন্তু বলেন, পরিবার ও বন্ধুবান্ধব ছাড়া এই উৎসব জমে না।
মহানগর পূজা উদ্যাপন পরিষদ সূত্র জানায়, নগরের ২৮৪টি মণ্ডপে এবার পূজা হচ্ছে। প্রতিটি মণ্ডপের বাইরে নিরাপত্তার জন্য পুলিশি পাহারা রয়েছে।
হাজারী লেন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জহর লাল হাজারী প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক কিছু ঘটনায় এবার মণ্ডপগুলোতে ভিড় কম হবে বলে অনেকে আশঙ্কা করেছিলেন। কিন্তু সে আশঙ্কা মিথ্যে প্রমাণিত হয়েছে। প্রশাসনও মণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
মহাসপ্তমীতে নগরের বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। পরিদর্শক দলে ছিলেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি নিরুপম দাশগুপ্ত প্রমুখ। তাঁরা বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত পূজার্থী ও উদ্যাপন পরিষদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।