চট্টগ্রামে সাড়ে চার টন নিষিদ্ধ জাল ও সরঞ্জাম ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যিক ট্রলার ও যান্ত্রিক নৌযান থেকে বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ৬২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল ও সরঞ্জাম পুড়িয়ে নষ্ট করা হয়েছে। সামুদ্রিক মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় মেরিন সার্ভিলেন্স চেকপোস্ট এলাকায় এসব জাল পোড়ানো হয়।
পুড়িয়ে ফেলা জাল ও সরঞ্জামের ওজন ৪ হাজার ৬৪৬ কেজি। গত ৩১ মার্চ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সামুদ্রিক মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের অভিযানে এসব জাল জব্দ করা হয়। এ সময় সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক নাসিরউদ্দিন মো. হুমায়ুনসহ জাল বিনষ্টকরণ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সামুদ্রিক মৎস্য দপ্তর জানায়, ২০১৩ সালের ৭ এপ্রিল এক প্রজ্ঞাপনে টানা জাল বা কাঠি জাল, চট জাল ও বেড় জাল প্রতিবছর ফাল্গুন থেকে শ্রাবণ মাস পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া বেহুন্দি জালের ব্যবহার স্বাদু বা মিঠা পানির জলাশয়ে ও সর্বোচ্চ জোয়ারের সময় ১০ মিটার গভীরতা পর্যন্ত উপকূলীয় জলসীমায় সারা বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা হয়।
জাল বিনষ্ট করার পর মাঝি ও জেলেদের নিয়ে বেহুন্দি জালের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা হয়। এতে সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক নাসিরউদ্দিন মো. হুমায়ুন সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও বেহুন্দি জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, মা মাছের প্রজনন নিশ্চিত করতে পারলে সাগরের মৎস্যসম্পদ বাড়বে।