চট্টগ্রামে সাড়ে চার টন ভেজাল ঘিসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারে নেওয়ার পথে প্রায় সাড়ে চার মেট্রিক টন ভেজাল ঘিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ। নগরের ফিরিঙ্গিবাজার ফেরিঘাট এলাকায় গত বুধবার রাতভর অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানভর্তি এসব ভেজাল ঘি আটক করা হয়। ব্যাপক যাচাইয়ের পর পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুজনকে গ্রেপ্তার দেখায়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নিজামউদ্দিন (৩৫) ও কামরুল ইসলাম (২৭)। ঢাকা থেকে তাঁরা এই ভেজাল ঘি নিয়ে চট্টগ্রামে আসেন।পুলিশ সূত্র জানায়, কাগজপত্র যাচাই ও আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত হয়, জব্দ হওয়া ঘি ভেজাল। পাম তেল দিয়ে এই ঘি তৈরি করা হয়েছে বলে নিজামউদ্দিন পুলিশকে জানান। গ্রেপ্তার কামরুল ইসলাম কাভার্ড ভ্যানটির চালক। পুলিশ কাভার্ড ভ্যানটিও (ঢাকা-মেট্রো-ট ১৪-৮১৮২) আটক করেছে। জব্দ করা ভেজাল ঘিয়ের মধ্যে ৮০০ কেজি ছিল লেবেলবিহীন ২০০টি বড় টিনের কৌটায়। বাকিগুলো ছিল ১০০ গ্রাম, ২২৫ গ্রাম, ৪৫০ গ্রাম ও ৯০০ গ্রামের প্লাস্টিকের কৌটায়। প্লাস্টিকের কৌটার ওপরে লেবেলে ‘নিজামউদ্দিনের পাবনা বাঘাবাড়ি স্পেশাল খাঁটি ঘাওয়া ঘি’ লেখা রয়েছে।