চট্টগ্রামে সাড়ে সাত হাজার ইয়াবা উদ্ধার আটক ১
চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকা থেকে সাত হাজার ৬০০ ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।আটক ব্যক্তির নাম জহুর আলম (২২)। তাঁর বাড়ি টেকনাফের লেদা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, টেকনাফ থেকে পণ্যবোঝাই একটি ট্রাক রোববার ভোর রাত সাড়ে চারটার দিকে সিটি গেট এলাকা অতিক্রম করছিল। আগে থেকে ওত পেতে থাকা পুলিশ ওই জায়গায় অবস্থান করছিল। ট্রাকটিকে থামানোর জন্য সামনে পুলিশ পিকআপ দিয়ে অবরোধ সৃষ্টি করে। ট্রাকটি থামার সঙ্গে সঙ্গে ওপরে বসা জহুর আলম লাফ দিয়ে নিচে পড়েন। তাঁর হাতে প্লাস্টিকের দুটি কনটেইনার ছিল। পুলিশ জহুরকে ধরতে গেলে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান।আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা আগে থেকে সেখানে চৌকি বসাই। পরে সংকেত দিলে ট্রাক থেকে জহুর আলম লাফ দেয়। পরে তার হাতের কনটেইনার থেকে সাত হাজার ৬০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জহুর নিজেকে টেকনাফের বাসিন্দা বলে পরিচয় দিয়েছে।’পুলিশ জানায়, দুটি কনটেইনারের মধ্যে ৩৮টি প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০ করে ইয়াবা বড়ি ছিল।