চট্টগ্রামে সাড়ে ৭ লাখ শিশুকে ভিটামিন 'এ' খাওয়ানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী

চট্টগ্রামের ১৪ উপজেলায় আগামী শনিবার ৬ থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ৪২ হাজার ৯৯৭টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য ‍জানানো হয়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ২০০ ইউনিয়নের ৪ হাজার ৮৬১টি টিকাকেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে ৩৫ জন স্বাস্থ্য পরিদর্শক, ১৬৫ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ৬৭৯ জন স্বাস্থ্য সহকারী ও ১৪ হাজার ৫৮৩ জন স্বেচ্ছাসেবক ‍দায়িত্ব পালন করবেন। এর বাইরে চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের ৪১ ওয়ার্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করবে বলে তিনি জানান।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ব্যাখ্যা দিয়ে সিভিল সার্জন বলেন, শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কে সচেতন করবেন স্বাস্থ্যকর্মীরা। ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ খাওয়ানোর বিষয়টি মায়েদের স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি ছয় মাস পর শিশু যাতে সুষম খাবার পায়, সে বিষয়ে পরামর্শ দেবেন তাঁরা। বাজারে ভিটামিন এ-যুক্ত ভোজ্যতেল পাওয়ায় যায়। রান্নায় যাতে এ তেল ব্যবহার করা হয়, সে পরামর্শ মায়েদের দেওয়া হবে। ডায়রিয়া ও নিউমোনিয়া থেকে শিশুকে রক্ষা করতে ভিটামিন এ অত্যন্ত কার্যকর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিশুর শারীরিক ও মস্তিষ্কের বিকাশে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবুজ ও রঙিন শাক (গাজর, মিষ্টিকুমড়া, শালগম ইত্যাদি) ও ফলমূলে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। এ ছাড়া সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে।