বন্দরে কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ
চট্টগ্রামে সিঅ্যান্ডএফ কর্মচারীদের বিক্ষোভ
দুর্ব্যবহারের অভিযোগ তুলে চট্টগ্রাম বন্দরে কাস্টমসের একজন কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মীরা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় প্রায় চার ঘণ্টা বন্দরের একাংশে পণ্য খালাস নেওয়া থেকে বিরত থাকেন কর্মচারীরা।
বন্দর সূত্র জানায়, কাস্টমসের সহকারী কমিশনার আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদকে গত রোববার কাস্টমসের ‘জেটি: কায়িক পরীক্ষা’ শাখায় নিযুক্ত করা হয়। বন্দরের জিসিবি ইয়ার্ডে থাকা আমদানি পণ্য খালাসের আগে সরাসরি কনটেইনার খুলে পরীক্ষা করে এই শাখা থেকে খালাস নেওয়ার অনুমোদন দেওয়া হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় ফাইল অনুমোদনের জন্য সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মচারীরা একসঙ্গে ওই কর্মকর্তার কার্যালয়ের সামনে ভিড় করেন। এ জন্য লাইনে দাঁড়িয়ে একজনের পর একজন আসার জন্য নির্দেশ দেন আবদুল আহাদ। এ নিয়ে সেখানে সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়নের কয়েকজন নেতার সঙ্গে সহকারী কমিশনারের কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর কর্মচারীরা ওই কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে কয়েকজন তাঁর কক্ষের দরজায় ধাক্কা দেন। এ ছাড়া কক্ষের বাইরে লাগানো নামফলক খুলে ফেলে দেওয়া হয়।
কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, কর্মকর্তা না থাকায় রোববার রাতে অনেক কনটেইনার খুলে কায়িক পরীক্ষা করা যায়নি। ফলে এসব কনটেইনার খালাস নেওয়া যায়নি। বিষয়টি নিয়ে কাস্টমস কমিশনার, যুগ্ম কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুঠোফোনে যোগাযোগ করে বা খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। গতকাল সকালে কনটেইনার খালাসের অনুমোদন নেওয়ার জন্য গেলে সহকারী কমিশনার আবদুল আহাদ সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি ঘুষ খান না ঠিক আছে, কিন্তু তাঁর দুর্ব্যবহারে ক্ষুব্ধ হয়ে সবাই উত্তেজিত হয়ে যান।
কর্মচারী ইউনিয়নের সভাপতি খায়রুল বাশার বলেন, পণ্য খালাস নেওয়ার আগে কায়িক পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হতে হচ্ছে ব্যবহারকারীদের। এ নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে গতকাল।
বিক্ষোভের খবর জানার পর বন্দরের নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। দুপুর ১২টার পরে কাস্টমসের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসে কর্মচারীদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করেন। পরে বেলা সাড়ে তিনটার দিকে কাস্টম হাউসে কাস্টমসের অতিরিক্ত কমিশনার শওকত আলীর সঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতারা বসে আলোচনা করে বিষয়টির সুরাহা করেন। বিক্ষোভের সময় বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত বন্দরের একাংশে পণ্য খালাস নেওয়া থেকে বিরত থাকেন কর্মচারীরা।
এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী কমিশনার আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
চট্টগ্রাম কাস্টমসের কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান সাংবাদিকদের বলেন, ‘সবাই একসঙ্গে ফাইল অনুমোদন নেওয়ার জন্য চলে এসেছিলেন। এ জন্য সহকারী কমিশনার তাঁদের ক্রমানুসারে আসার জন্য বলেছিলেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে যে বা যাঁরা দোষী হবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’