চট্টগ্রামে সিএনজি স্টেশনে বিস্ফোরণে আহত ৪
চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলা এলাকায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় স্টেশনের কমপ্রেসরের পাইপ খুলে পড়ার পর এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন গিয়াসউদ্দিন ও ফারুক হাসান। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ইফতারের কয়েক মিনিট পরই বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। ওই সময় স্টেশনে গাড়ি কিংবা তেমন মানুষ ছিল না। বিস্ফোরণে রিফুয়েলিং স্টেশনের পেছনের দেয়াল পুরোপুরি ধসে পড়েছে। আশপাশের কয়েকটি ভবনের কাচও খসে পড়েছে। ক্ষতি হয়েছে স্টেশনের পাম্পগুলোরও। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, কমপ্রেসরের একটি পাইপ খসে পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রিফুয়েলিং স্টেশনের পেছনের দেয়াল ধসে পড়ে। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে লোকজন কাজ করছেন।