চট্টগ্রামে সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিটার জালিয়াতি করে গ্যাস ব্যবহারের অভিযোগে গতকাল বুধবার চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী সিটি গেটসংলগ্ন আলমাস সিএনজি ফিলিং স্টেশনের গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজা মো. আবদুল হাইয়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে সিএনজি স্টেশনের দুই কর্মীকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত চলাকালে ওই সিএনজি স্টেশনে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের ছোট ভাই মোরশেদ মাহমুদ। সেখানে কর্মরত শ্রমিকেরা তাঁকে সিএনজি স্টেশনের অংশীদার বলে দাবি করেন।কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, সংযোগ বিচ্ছিন্ন করার পর ওই সিএনজি স্টেশনে আবার সংযোগ দেওয়ার অনুরোধ করতে মোরশেদ মাহমুদ সন্ধ্যায় ষোলশহরে অবস্থিত কেজিডিসিএলের প্রধান কার্যালয়ে যান। কিন্তু কর্মকর্তারা এ নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে রাজি হননি।এ ব্যাপারে জানতে চাইলে মোরশেদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমি সিএনজি স্টেশনে গ্যাস নিতে গিয়েছিলাম। আলমাস সিএনজি স্টেশনের মালিক জসিম উদ্দিন আমার আত্মীয়। ভ্রাম্যমাণ আদালত বসার পর একজন কর্মচারী আমাকে তাঁদের সঙ্গে কথা বলতে বলেন। বিষয়টি পুরোপুরি কাকতালীয়।’ সংযোগ বিচ্ছিন্ন করার পর ষোলশহরে কেজিডিসিএল কার্যালয়ে যাওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সপ্তাহের শুক্র ও শনিবার আলমাস সিএনজি স্টেশনে গ্যাসসংযোগ বন্ধ দেখানো হয়। কিন্তু কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, ওই দুই দিনই গ্যাস বিক্রি সবচেয়ে বেশি। পরে কারিগরি বিষয় পরীক্ষা করে দেখা যায়, মিটার ভেঙে বাইপাস সংযোগের মাধ্যমে এখানে গ্যাস বিক্রি করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন।