চট্টগ্রামে সিগারেট জব্দের ঘটনায় মামলা
চট্টগ্রাম বন্দর চত্বর থেকে কনটেইনারভর্তি সিগারেট জব্দ করার ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে বন্দর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সুতা আমদানির মিথ্যা ঘোষণা দিয়ে আনা একটি কনটেইনার থেকে গত বুধবার ৫ কোটি টাকা মূল্যের ২৮৮ কার্টন সিগারেট জব্দ করে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ঢাকার সাভারের জেনেটিক ফ্যাশন লিমিটেডের নামে আনা চালানটি সংযুক্ত আরব আমিরাতের ‘ট্রান্সভেগন জেনারেল ট্রেডিং এফজেডই’ নামের একটি প্রতিষ্ঠান থেকে চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়।
কাস্টমসের সহকারী কমিশনার মুকিতুল হাসান গতকাল প্রথম আলোকে বলেন, কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মামুন মিয়া সরকার বাদী হয়ে বৃহস্পতিবার সকালে বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, কাস্টমস আইন ও মানি লন্ডারিং আইনে মামলা করেছেন।
বন্দর থানা সূত্র জানায়, মামলায় চালানটি খালাসে আমদানিকারকের পক্ষে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট ফোর স্টার ট্রেডিং কোম্পানির কর্ণধার কামির হোসেন, কর্মচারী জসীম উদ্দিন ও কাইয়ুম হোসাইনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এ ছাড়া আমদানিকারক প্রতিষ্ঠান জেনেটিক ফ্যাশন লিমিটেডের পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্টদের আসামি করা হয়। মামলার এজাহারে রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট আমদানির কথা উল্লেখ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক সাজেদ কামাল প্রথম আলোকে বলেন, মামলার দুই আসামি জসীম উদ্দিন ও কাইয়ুম হোসাইনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।