চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের বাকলিয়া এলাকায় তিনটি সেতু নির্মাণের জন্য গত ডিসেম্বরে ঠিকাদার নিয়োগ করে। এ জন্য আগের তিনটি সেতুর দুটি ভেঙে ফেলা হয়। অন্যটিও দেবে যায়। কিন্তু ১০ মাসে সেতু নির্মাণকাজ শুরু না হওয়ায় বাকলিয়ার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতু সমস্যার সমাধান না করার প্রতিবাদে গতকাল রোববার বাকলিয়ার অন্তত তিন হাজার মানুষ নগর ভবন ঘেরাও করে। এ সময় ‘সচেতন বাকলিয়াবাসী’র ব্যানারে মানববন্ধন হয়। স্কুলের ছাত্রছাত্রীরাও ক্লাস বর্জন করে নগর ভবনের সামনে মানববন্ধন করে। এলাকাবাসীর অভিযোগ, শুকনো মৌসুমে ভালো সেতুগুলো ভেঙে ফেলার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও সেগুলো মেরামত করা হচ্ছে না। পাইলিংয়ের নামে সেতু এলাকায় খালে বালির বস্তা ফেলে রাখা হয়। তাঁরা অভিযোগ করেন, বর্ষাকালে এসে ঠিকাদারেরা বলেন, বৃষ্টির জন্য কাজ করা যাচ্ছে না। ঠিকাদার কিংবা সিটি করপোরেশন কর্তৃপক্ষ—এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে কেউ-ই ভাবেনি। বর্ষায় বালুর বস্তার কারণে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাকলিয়ার অন্তত দুই লাখ মানুষ এ তিনটি সেতু ব্যবহার করে।গতকাল সকালে নগর ভবন ঘেরাও শেষে অন্তত ১০-১২ জন লোক মেয়রের সঙ্গে দেখা করতে তাঁর কার্যালয়ে যান। এ সময় সেখানে স্থানীয় দুই ওয়ার্ড কাউন্সিলর ইয়াছিন চৌধুরী ও শাহেদা কাশেম উপস্থিত ছিলেন। তাঁরাও এলাকাবাসীর পক্ষে অবস্থান নেন। তিনটি সেতু ভাঙা কেন, তা নিয়ে তাঁরা মেয়রকে প্রশ্ন করতেই সেখানে হট্টগোল লেগে যায়। তখন একদল লোক ঠিকাদারের পক্ষে এবং অন্যরা এলাকাবাসীর পক্ষে নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। প্রায় আধাঘণ্টা তর্কবিতর্ক শেষে মেয়র মোহাম্মদ মন্জুর আলমের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তিনি স্বল্প সময়ের মধ্যে সেতু তিনটির নির্মাণকাজ শুরুর আশ্বাস দেন। মেয়র প্রথম আলোকে বলেন, বর্ষার কারণে ঠিকাদারেরা কাজ শুরু করতে পারেননি। এ জন্য এলাকার মানুষ সাময়িক দুর্ভোগের মুখে পড়েছে, তবে তা শিগগিরই শেষ হবে। জানা যায়, সেতু তিনটি হচ্ছে ইছাকের পুল, মাস্টার পুল ও চালিতাতলী সেতু। এর মধ্যে গত ফেব্রুয়ারি-মার্চে ইছাকের পুল ও মাস্টার পুল নামের সেতু দুটি ভেঙে ফেলা হয়ে। এ সময় চালিতাতলী সেতুও দেবে যায়। তিনটি সেতুর ঠিকাদারই বিএনপির নেতা। তাঁরা হলেন চালিতাতলীর ঠিকাদার উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, মাস্টারপোলের ঠিকাদার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কাজী বেলাল উদ্দিন ও ইছাকের পুলের ঠিকাদার শহীদুল আলম বিএনপির নেতা। তবে বর্তমানে তাঁর কোনো পদ নেই। সিটি করপোরেশনের সামনে অবস্থান নেওয়া বাকলিয়ার একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেন, দুর্ভোগে অতিষ্ঠ হয়ে তাঁরা সিটি করপোরেশন ঘেরাও করতে বাধ্য হয়েছেন। ‘সচেতন বাকলিয়াবাসী’র ব্যানারে করপোরেশন ঘেরাও কর্মসূচির উদ্যোক্তা আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘তিনটি সেতু অচল থাকায় বাকলিয়ার প্রায় দুই লাখ মানুষের চলাচলের তিনটি সড়কেই যান চলাচল বন্ধ। এর প্রতিবাদ হিসেবে আমরা নগর ভবন ঘেরাও করতে বাধ্য হয়েছি।’ মানববন্ধনে আসা দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানায়, বিদ্যালয়ে যাওয়ার দুটি সড়ক দিয়েই চলাচল বন্ধ। এ ব্যাপারে মাস্টারপোলের ঠিকাদার কাজী বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চুক্তি অনুযায়ী আগামী ডিসেম্বর পর্যন্ত সেতু নির্মাণের সময় আছে। আমরা অবশ্যই এ সময়ের মধ্যে সেতু নির্মাণ শেষ করব।’তবে ইছাকের পুলের ঠিকাদার শহীদুল আলম বলেন, ‘সেতুর পাশে সিটি করপোরেশন এলাকা বেদখল হয়ে আছে। সেখানে লোকজন পাকা অবকাঠামো নির্মাণ করেছে। সিটি করপোরেশন এসব ভবন না ভাঙলে সেতু নির্মাণকাজ শুরু করা যাবে না।’