চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, নগরের আবাসন সংকট নিরসনে কালুরঘাট এলাকায় ১০ হাজার পরিবারের আবাসন সুবিধাসংবলিত স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে। প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়নে এ বছর তিন কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হবে। চালু করা হবে চট্টগ্রামে সিটি গভর্নমেন্ট ব্যবস্থা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রামের লালদীঘি মাঠে আয়োজিত জনসভায় মেয়র এসব কথা বলেন। জনসভায় মেয়র সভাপতিত্ব করেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিনের জনসভায় আসার কথা থাকলেও তাঁরা আসেননি। নগরের আওয়ামী লীগদলীয় তিনজনসহ মহাজোটের চার সাংসদও জনসভায় যোগ দেননি।জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম ও ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট আবু হানিফ।মেয়র বলেন, চট্টগ্রামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নগরের প্রতিটি ওয়ার্ডে রেশনিং ব্যবস্থা চালুর মধ্য দিয়ে নায্যমূল্যে চাল ও তেল বিক্রি করা হবে। নগরে এক বছরের মধ্যে আরও ১১টি বিদ্যালয় স্থাপন এবং টাইগার পাস এলাকায় একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করা হবে।