চট্টগ্রামে সিডিএর জায়গা দখলের চেষ্টা পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের নাসিরাবাদ এলাকায় সিডিএর জায়গা দখলের চেষ্টা করা হয়। গতকাল সোমবার দুপুরে পাশের হোটেলের মালিক সিডিএর জায়গায় সাইনবোর্ড টাঙানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং সাইনবোর্ডটি জব্দ করে নিয়ে যায়। সরেজমিনে দেখা গেছে, নাসিরাবাদে ‘লর্ডস ইন’ আবাসিক হোটেলসংলগ্ন ১২ শতকের একটি প্লট রয়েছে। ওই প্লটের মালিক নাসির উদ্দিন হাওলাদার। সিডিএর খালি জায়গা মাড়িয়ে তাঁকে ওই প্লটে যেতে হয়। কিন্তু গতকাল দুপুরে লর্ডস ইন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সিডিএর ওই জায়গায় সাইনবোর্ড টাঙানোর চেষ্টা করেন।খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আখতারুল ইসলাম বলেন, ‘নাসির উদ্দিনের প্লটের সামনে সিডিএর জায়গা আছে। ওই জায়গায় লর্ডস ইনের মালিকপক্ষ সাইনবোর্ড টাঙাতে চেয়েছিল। আমরা সাইনবোর্ড জব্দ করে নিয়ে এসেছি।’সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, নাসিরাবাদ সিডিএ এলাকায় রাস্তার পাশে অনেক জায়গার মালিকানা সিডিএর। ওই জায়গা সামনে বা পেছনের প্লটের মালিককে বরাদ্দ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এই মুহূর্তে কেউ ওই জায়গার মালিকানা দাবি করলে তা বেআইনি হবে।নাসির উদ্দিন হাওলাদার বলেন, ‘আমার প্লট কেনার জন্য লর্ডস ইনের মালিক অনেক চেষ্টা করছিলেন। ব্যর্থ হয়ে আমার প্লটের সামনে সিডিএর জায়গা দখলের চেষ্টা করছেন।’জানতে চাইলে আবুল কালাম দাবি করেন, জায়গাটির মালিক তিনি, সিডিএ নয়।