চট্টগ্রামে সিডিএর স্থপতি মাহরিনাকে হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের একটি বহুতল ভবনের নকশা অনুমোদন নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ঊর্ধ্বতন স্থপতি মাহরিনা জাফরিনকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।সিডিএ সূত্র জানায়, মির্জা কামরুল হাসান নামের এক যুবক গত বৃহস্পতিবার মাহরিনা জাফরিনের কাছে একটি বহুতল ভবনের নকশা অনুমোদনে বাধা না দিতে চাপ দেন। নকশা অনুমোদন নিয়ে প্রতি মাসে সিডিএর বোর্ড সভা হয়। মাহরিনা ওই যুবককে এ বিষয়ে পরে কথা বলার অনুরোধ করেন। এরপর বৃহস্পতিবার রাতে ১৫-২০ জন যুবক মাহরিনার বাসায় যায়। ওই সময় তিনি তাঁর এক আত্মীয়ের বাসায় ছিলেন। মাহরিনা প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘ভবন নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে মির্জা কামরুল হাসান নামের এক যুবক আমার ওপর চাপ সৃষ্টি করেন। আমি এ ব্যাপারে তাঁকে কথা না বলার অনুরোধ করি। এরপর রাতে ১৫-২০ জন যুবক আমার বাসায় এসে হুমকি দিয়ে যায়। ওই সময় আমি আত্মীয়ের বাসায় ছিলাম। পরে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানাই এবং থানায় জিডি করি।’ কামরুল হাসান বৃহস্পতিবার দুপুরে স্থপতি মাহরিনার সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করেন। তবে রাতে তাঁর বাসায় কারা গেছে তিনি জানেন না। তিনি বলেন, ‘আমার এক আত্মীয়ের পক্ষে আমি নকশা অনুমোদন করতে মাহরিনাকে অনুরোধ করি। তখন তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন।’