চট্টগ্রামে সিম উদ্ধারের ঘটনায় মামলা
চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজারের তামাকুণ্ডি লেনের পাঁচটি মুঠোফোনের দোকানে অভিযান চালিয়ে চার হাজারের বেশি সিম উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আটজনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এই মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করতে আজ সোমবার সন্ধ্যায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ হয়নি।
ওই মামলায় গ্রেপ্তার আট আসামি হলেন: আজম ব্রাদার্সের মো. আজম ও শাহাদাত হোসেন, খান টেলিকমের রুবেল ঘোষ ও আকরাম হোসেন, মোস্তফা টেলিকমের আবু বকর সিদ্দিক, এন এস এন্টারপ্রাইজের এস এম বাপ্পী ও মো. রুকন, সেলিম টেলিকমের মামুনুর রশিদ। পলাতক দুই আসামি হলেন: ইব্রাহীম খান ও মো. শাহজাহান।
গতকাল রোববার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে রিয়াজ উদ্দিন বাজারের পাঁচটি মুঠোফোনের দোকান থেকে কয়েক হাজার সিমসহ আটজনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। ওই দিন রাতে এগুলো গণনা করে সোমবার পুলিশ জানায় ৪ হাজার ৩২১টি বিভিন্ন মুঠোফোন কোম্পানির সিম রয়েছে। এগুলোর বেশির ভাগই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের পর দোকানে বিক্রি করা হচ্ছিল। কিন্তু নিয়ম অনুযায়ী নিবন্ধিত কোনো সিম বিক্রি করার কথা নয়।
পুলিশ বলছে, কারও আইডি ও আঙুলের ছাপ নিয়ে সিমগুলো নিবন্ধন করা হয়েছে। তবে এর মধ্যে কতটি সিম নিবন্ধিত তা যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ফারুকী বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় আজ সোমবার বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার আটজন ও পলাতক দুই জনসহ দশজনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত পরিচয় আসামি রাখা হয় কয়েকজনকে।
মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী রকিব উদ্দিন আজ রাতে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আটজনকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিবন্ধিত এতগুলো সিম কেন কী উদ্দেশ্যে রাখা হয়েছে। এগুলো কীভাবে নিবন্ধন করা হয়েছে। তাদের সহযোগী কারা ছিলেন-এসব বিষয় জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, গ্রেপ্তার আটজনকে সন্ধ্যায় আদালতে আনা হলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ। তাদের সাত দিনের রিমান্ড নেওয়ার আবেদন করা হয়েছে। তবে শুনানির তারিখ নির্ধারণ হয়নি।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) জাহাঙ্গীর আলম আজ দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আটজনের কাছ থেকে ৪ হাজার ৩২১টি সিম উদ্ধার করা হয়েছে। এগুলোর বেশির ভাগই নিবন্ধিত। নিবন্ধনের বিষয়টি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট মুঠোফোন অপারেটরদের জানানো হয়েছে।
জাহাঙ্গীর আলম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংঘবদ্ধ চক্র ভুয়া সিম নিবন্ধন করে অপরাধ কার্যক্রম চালানোর জন্য ব্যবহার করত। রিমান্ডে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে বিস্তারিত জানা যাবে। এতগুলো সিম নিশ্চয় অপরাধ করতে গুদামজাত করে রাখা হয়েছে।