চট্টগ্রামে সিম উদ্ধারের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজারের তামাকুণ্ডি লেনে মুঠোফোনের দোকান থেকে ‘নিবন্ধনকৃত’ সিম উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আটজনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকি দুজন পলাতক। গতকাল সোমবার চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ফারুকী বাদী হয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় এই মামলা করেন।
গত রোববার বিকেলে অভিযানের পর পুলিশ সাংবাদিকদের প্রায় ৭৫ হাজার সিম উদ্ধারের কথা জানায়। তবে গতকাল গণনা শেষ করে পুলিশ জানায়, মোট ৪ হাজার ৩২১টি বিভিন্ন মুঠোফোন কোম্পানির সিম উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করতে গতকাল সন্ধ্যায় আদালতে হাজির করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ হয়নি। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গ্রেপ্তার করা আট আসামি হলেন আজম ব্রাদার্সের মো. আজম ও শাহাদাত হোসেন, খান টেলিকমের রুবেল ঘোষ ও আকরাম হোসেন, মোস্তফা টেলিকমের আবু বকর সিদ্দিক, এন এস এন্টারপ্রাইজের এস এম বাপ্পী ও মো. রুকন, সেলিম টেলিকমের মামুনুর রশিদ। পলাতক দুই আসামি হলেন ইব্রাহীম খান ও মো. শাহজাহান।
মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী রকিব উদ্দিন প্রথম আলোকে বলেন, পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিবন্ধিত এসব সিম কেন ও কী উদ্দেশ্যে রাখা হয়েছে এবং কীভাবে এত সিম নিবন্ধন করা হয়েছে, রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করার পর তা জানা যাবে।
এদিকে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) জাহাঙ্গীর আলম গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ৪ হাজার ৩২১টি সিমের বেশির ভাগই নিবন্ধিত। নিবন্ধনের বিষয়টি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট মুঠোফোন অপারেটরদের জানানো হয়েছে। উদ্ধার হওয়া সিমের মধ্যে টেলিটকের ২ হাজার ৩১টি, এয়ারটেলের ৭৯০টি, বাংলালিংকের ৬৮৮টি, রবির ৩৪১টি, গ্রামীণফোনের ৪৭১টি রয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংঘবদ্ধ চক্র ভুয়া সিম নিবন্ধন করে অপরাধ কার্যক্রম চালানোর জন্য ব্যবহার করত।