চট্টগ্রামে সিমেন্টবোঝাই ট্রাক খালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হালিশহর থানাধীন ‘এ’ ব্লক এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে কালভার্ট ভেঙে সিমেন্টবোঝাই একটি ট্রাক খালে পড়ে যায়। পুলিশ মালামাল ও ট্রাকটি উদ্ধার করেছে বলে জানা গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে রয়েল সিমেন্ট কোম্পানির একটি ট্রাক সিমেন্ট নিয়ে ‘এ’ ব্লক গাউছিয়া রেস্তোরাঁর সামনের ভাঙা কালভার্টের ওপর দিয়ে যাওয়ার সময়ে এ দুর্ঘটনা ঘটে। চালক আশপাশের লোকজনের বাধা উপেক্ষা করে দ্রুত সিমেন্টবোঝাই ট্রাকটি চালিয়ে নিয়ে যায়। অথচ ইতিমধ্যে কালভার্টটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘খালের ওপর গড়ে ওঠা কালভার্টটি আগে থেকেই নড়বড়ে ছিল। চালক সেদিকে লক্ষ না করায় কালভার্ট ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। আমরা ট্রাক ও মালামাল উদ্ধার করেছি।’