চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তিন শিশুসহ পাঁচজন আহত হয়েছে। আজ বুধবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাকির হোসেন। তাঁর বাড়ি শরীয়তপুরে। তিনি বেলুন বিক্রেতা ছিলেন। আহত হয় তিন শিশু মো. সামিউর, মো. সাকিবুল ইসলাম ও মো. নাইমুদ্দিন এবং মো. আনোয়ার ও মো. সেন্টু। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম বলেন, পশ্চিম গোমদণ্ডীতে বিজয়মেলা মাঠ থেকে কিছুটা দূরে উচ্চবিদ্যালয়ের মাঠের পাশে এই দুর্ঘটনা ঘটে। সম্ভবত মেলায় বিক্রির জন্য বেলুনে গ্যাস ভরছিল জাকির হোসেন। সিলিন্ডার বিস্ফোরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে আশপাশে থাকা ব্যক্তিদের কয়েকজন আহত হয়। জাকিরের লাশ মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, আহতদের বিভিন্ন ওয়ার্ডে রাখা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক ফরিদউদ্দিন মাহমুদ বলেন, সিলিন্ডার বিস্ফোরণে আহতদের শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার বিদ্ধ হয়। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

এই হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন শিশু সাকিবুলের বাবা মো. নুরুল ইসলাম বলেন, মেলা দেখার জন্য সাকিবুল বাড়ি থেকে বের হয়েছিল। পরে তিনি ওর আহত হওয়ার খবর পান।