চট্টগ্রামে সুতাসহ ট্রাক ছিনতাইয়ের সময় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কালামিয়া বাজার এলাকা থেকে গার্মেন্টসের সুতাসহ ট্রাক ছিনতাইয়ের সময় দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে নিজেদের ‘আইনের লোক’ পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় বাকলিয়া থানা-পুলিশ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন আবদুর রহিম (২৪) ও মো. বেলাল (৩০)। ওই ট্রাকে তিন হাজার ১৩০ কেজি সুতা ছিল। পুলিশ জানায়, নগরের চান্দগাঁও থানার কালুরঘাট শিল্প এলাকার বেইস টেক্সটাইল থেকে সুতা নিয়ে একটি ট্রাক মিয়াখান নগরের ইউনিক থ্রেড অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিতে নেওয়া হচ্ছিল। এ সময় তিন ব্যক্তি বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় ট্রাকটি আটক করে। নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে সুতার কাগজ দেখতে চায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘গাড়িচালক চালানের কাগজপত্র দেখালে তারা তা ছিঁড়ে ফেলে স্থানীয় থানায় যেতে বলে। চালক ট্রাকটি বাকলিয়া থানার সামনে দাঁড় করাতে চাইলে ওই তিন ব্যক্তি জোর করে কালামিয়া বাজার এলাকায় নিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা গিয়ে দুজনকে সেখান থেকে গ্রেপ্তার করি।’