চট্টগ্রামে সেতু ভেঙে তেলবাহী ট্রেন খালে

চট্টগ্রামের বোয়ালখালীতে রেলসেতু ভেঙে জ্বালানি তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ একটি ওয়াগন খালে পড়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে বোয়ালখালী ও পটিয়া উপজেলার সীমান্তে ধলঘাট শাইরাপুল এলাকার হারগেজি খালের সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে। ওয়াগনে থাকা ফার্নেস অয়েল খালে ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকার কৃষি জমি ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
ওই সেতুটি প্রায় ১০ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় বলে রেলের কর্মকর্তারা জানান।
দুর্ঘটনায় ট্রেনের চালকসহ চারজন আহত হয়েছেন। দুর্ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ছাড়া দায়িত্বে অবহেলার জন্য সহকারী নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম ও ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (সেতু) আকবর ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রামের পতেঙ্গা তেল ডিপো থেকে ফার্নেস অয়েল নিয়ে আটটি ওয়াগনের এই ট্রেনটি চন্দনাইশের দোহাজারীর বিদ্যুৎকেন্দ্র যাচ্ছিল। ট্রেনটির প্রতি ওয়াগনে ১৮ থেকে ২৪ মেট্রিক টন ফার্নেস অয়েল রয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন খালে পড়ে যায়। ১৮ টন তেলভর্তি একটি ওয়াগন আংশিক ডুবে যায়।
দুর্ঘটনায় আহত চালক শহীদুল ইসলাম ও সহকারী চালক মোহাম্মদ জাফরকে প্রথমে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে শহীদুল ইসলামের মাথা ফেটে গেছে। ট্রেনের গার্ড মোহাম্মদ ইলিয়াস প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সরেজমিনে গতকাল বিকেলে ঘটনাস্থলে দেখা যায়, ইঞ্জিন ও ওয়াগন থেকে পানিতে তেল ছড়িয়ে পড়ছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বাবুল নাথ প্রথম আলোকে বলেন, ‘বিকট শব্দ শুনে রেলসেতুর দিকে এগিয়ে যাই। গিয়ে দেখি চালকের মাথা ফেটে গেছে। তিনজনকে উদ্ধার করে নৌকায় করে আরও লোকজনের সহায়তায় বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিই।’
পটিয়ার ধলঘাট স্টেশনমাস্টার অনুপম দে গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান চালাচ্ছে। ইঞ্জিন ও ওয়াগন থেকে খালে তেল ছড়িয়ে পড়ছে। তেল পড়া বন্ধ করতে চেষ্টা চালাচ্ছেন রেলওয়ের কর্মীরা।
অনুপম দে আরও জানান, সেতুটি ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ। মাঝে মাঝে সংস্কার করা হয়। ট্রেন এই রেলসেতু এলাকায় খুব ধীরে চলে।
ঝুঁকিপূর্ণ এই সেতুর বিষয়ে রেলওয়ের মহাব্যবস্থাপক বলেন, সেতুর সংস্কারকাজ শেষ না করে ঠিকাদার চলে যান। উল্টো রেলওয়ের বিরুদ্ধে মামলা করেন। এখন বর্ষা চলে আসায় কাজ করা যাচ্ছে না। নতুন ঠিকাদার দিয়ে সেতুটি সংস্কার করা হবে। তিনি জানান, দুর্ঘটনার কারণ বের করতে দুটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া দায়িত্বে অবহেলার জন্য দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, তিন সদস্যের একটি তদন্ত কমিটির প্রধান হলেন পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলী হারুনুর রশিদ। আরেকটি তিন সদস্যের কমিটির প্রধান হলেন বিভাগীয় প্রকৌশলী-১ আবিদুর রহমান।