চট্টগ্রামে সেতু ভেঙে শিশু নিহত
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকায় একটি সেতু ভেঙে খালে পড়ে গেলে এক শিশু নিহত হয়। একই ঘটনায় শিশুটির মা আহত হন। গতকাল শনিবার বেলা তিনটার দিকে কালুরঘাট এলাকার হামিদচরে এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম সুস্মিতা দাশ (৩)। তার মায়ের নাম পটু দাশ (৩৫)। সুস্মিতা একই এলাকার সুবাস দাশের মেয়ে। পটু দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে পটু দাশ মেয়েকে নিয়ে একটি বেইলি সেতু পার হচ্ছিলেন। এ সময় সেতুতে একটি ট্রাক উঠলে সেটি ভেঙে যায়। এতে মা-মেয়ে নিচে খালের পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন মাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলেও মেয়েটিকে উদ্ধার করা যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে মেয়েটির লাশ উদ্ধার করে। চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম বলেন, ‘ট্রাক ওঠার পর সেতুটি ভেঙে এই দুর্ঘটনা ঘটেছে।’