চট্টগ্রামে সেনা কর্মকর্তার গাড়িতে ককটেল নিক্ষেপ
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে চা বোর্ডের চেয়ারম্যান ও মেজর জেনারেল আবদুস সালামের গাড়িতে ককটেল ছুড়ে মারা হয়েছে। এতে গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শাহাবউদ্দিন নামের এক যুবককে ককটেলসহ আটক করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মেজর জেনারেল আবদুস সালাম গাড়িতে ছিলেন না।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুস সালামকে নেওয়ার জন্য গাড়িটি বিমানবন্দরের ভেতরের দিকে যাচ্ছিল। এ সময় শাহাবউদ্দিন নামের ওই যুবক গাড়িটি লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তখনো বিমান থেকে নামেননি বলে ঘটনার সময় ওই সেনা কর্মকর্তা গাড়িতে ছিলেন না। শাহাবউদ্দিনকে আটক করা হয়েছে।
মিজানুর রহমান আরও বলেন, আটক শাহাবউদ্দিন বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের কর্মচারী। তাঁকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।