প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকালে গত শনিবার বিকেলে সার্কিট হাউস এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে লাঞ্ছিত এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সেনাকল্যাণ সংস্থার এক কর্মকর্তাসহ আট-নয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। লাঞ্ছিত ট্রাফিক সার্জেন্ট মাহফুজ মিয়া বাদী হয়ে শনিবার রাতে মামলাটি করেন। মামলার আসামিদের মধ্যে সেনাকল্যাণ সংস্থার এস্টেট বিভাগের উপমহাব্যবস্থাপক এম এ আহাদ রয়েছেন। তিনি নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কমান্ডার। মামলার আসামি সংস্থার ছয় কর্মচারীকে গতকাল রোববার থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। পুলিশের ভাষ্যমতে, শনিবার বেলা সোয়া দুইটার দিকে একটি ব্যক্তিগত গাড়িতে করে সেনাকল্যাণ সংস্থার এনেসেল ভবনের দিকে যাচ্ছিলেন আহাদ ও তাঁর পরিবারের সদস্যরা। তখন এনেসেল ভবনসংলগ্ন সার্কিট হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন। নিরাপত্তার স্বার্থে সার্কিট হাউসের চারদিকের সড়ক দিয়ে যান-চলাচল বন্ধ রাখা হয়। কিন্তু দায়িত্বরত পুলিশের বাধা না মেনে লে. কমান্ডার (অব.) আহাদ সার্কিট হাউসলাগোয়া এনেসেল ভবনের দিকে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। ট্রাফিক পুলিশ আলমাস সিনেমা হলের সামনে তাঁর গাড়িটি আটকে দেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। বিষয়টি দূর থেকে দেখে ছুটে যান সেনাকল্যাণ সংস্থার নিরাপত্তাকর্মী সমীরণ। একপর্যায়ে তিনি দায়িত্বরত পুলিশের সঙ্গে বাগিবতণ্ডা শুরু করেন এবং মাহফুজ মিয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পুলিশ সমীরণকে আটক করে ফুটপাতের ওপর বসিয়ে রাখে।পুলিশ অভিযোগ করে, ঘটনার একপর্যায়ে আহাদ গাড়ি থেকে নেমে কয়েকজন নিরাপত্তকর্মীকে নিয়ে এগিয়ে আসেন এবং পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁরা সমীরণকে ছাড়িয়ে নিয়ে পাশের এনেসেল ভবনে চলে যান।ট্রাফিক সার্জেন্ট মাহফুজ মিয়া প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘সেনাকল্যাণ সংস্থার একজন নিরাপত্তারক্ষী আমাদের সঙ্গে শৃঙ্খলাপরিপন্থী আচরণ করেন। ওই নিরাপত্তারক্ষী আমাকে ধাক্কা দিয়ে গাড়িটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। আমি ওই নিরাপত্তারক্ষীকে একজন কনস্টেবলের জিম্মায় রাখি। কিছুক্ষণ পর আরও কয়েকজন নিরাপত্তারক্ষীসহ লে. কমান্ডার আহাদ এসে আটক নিরাপত্তারক্ষীকে ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে বল প্রয়োগ করে তাঁকে কেড়ে নিয়ে যান।’ অভিযোগ অস্বীকার করে লে. কমান্ডার আহাদ বলেন, ‘এ দেশে পুলিশ যা খুশি তা যে করতে পারে, সেটার প্রমাণ আবারও দিল। আমার নিরাপত্তাকর্মীকে পিটিয়ে দাঁত ভেঙে দিল, এ জন্য ক্ষমাও চাইল। পরে ঘটনাটিকে পুরো পাল্টিয়ে আমাদের বিরুদ্ধেই মামলা করল।’ তিনি বলেন, ‘পুলিশ গাড়ি আটকে দেওয়ায় আমার পরিবার হেঁটে আসছিল। আমার নিরাপত্তাকর্মী গাড়ি ছেড়ে দিতে তাদের অনুরোধ করতে গিয়েছিল।’ নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী সার্কিট হাউসে থাকায় আমরা ঘটনা বেশি দূর গড়াতে দিইনি।’