চট্টগ্রামে সেপটিক ট্যাংক থেকে দুই যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় সেপটিক ট্যাংকে দুই যুবকের লাশ উদ্ধারের পর এক যুবককে নিজেদের কর্মী দাবি করে ছাত্রলীগের কর্মীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেন। ছবিটি গতকাল সকাল ১০টায় তোলা । প্রথম আলো
চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় সেপটিক ট্যাংকে দুই যুবকের লাশ উদ্ধারের পর এক যুবককে নিজেদের কর্মী দাবি করে ছাত্রলীগের কর্মীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেন। ছবিটি গতকাল সকাল ১০টায় তোলা । প্রথম আলো

চট্টগ্রাম নগরের খুলশী ২ নম্বর গেট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে পায়ের রগ কাটা দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকেরা হলেন কামরুল হাসান (১৮) ও মোহাম্মদ ফোরকান (২০)। কামরুল নগরের ওমর গণি এমইএস কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। ফোরকান নগরের ইপিজেডে একটি কারখানায় কর্মরত ছিলেন। তাঁরা দুজন পরস্পরের বন্ধু।
স্থানীয় ছাত্রলীগ দাবি করেছে, কামরুল ছাত্রলীগের কর্মী ছিলেন। নিহত যুবকদের স্বজনেরা খুনের কারণ জানাতে পারেননি।
দুজনের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নিহত যুবকদের স্বজনেরা ও ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা নগরের ব্যস্ততম ২ নম্বর গেট এলাকায় বেলা ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত সড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কারসহ প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করেন। পরে র‌্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) হারুন অর রশিদ হাজারী জানান, এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানান, নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাংকে দুই যুবকের লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ সেপটিক ট্যাংক থেকে কামরুল ও ফোরকানের লাশ উদ্ধার করে। তাঁদের পায়ের রগ কাটা ছিল। হাত ও মুখে কাপড় বাঁধার কারণে জখমের চিহ্ন দেখা গেছে।
হারুন অর রশিদ হাজারী আরও জানান, নির্মাণাধীন ভবনটির চারপাশে লোহার উঁচু বেড়া রয়েছে। সম্ভবত বাইরে থেকে লাশগুলো আনা হয়নি। ভেতরে শ্বাসরোধ করে হত্যার পর সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়।

কামরুলের লাশ দেখে মা কান্নায় ভেঙে পড়েন। ছবিটি গতকাল চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট থেকে তোলা । প্রথম আলো
কামরুলের লাশ দেখে মা কান্নায় ভেঙে পড়েন। ছবিটি গতকাল চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট থেকে তোলা । প্রথম আলো


লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত যুবকদের স্বজনেরা। নিহত কামরুলের বাবা আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেকে কারা খুন করেছে, জানি না। শনিবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর তার খোঁজ পাচ্ছিলাম না।’ তাঁর ছেলে রাজনীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তিনি।
নিহত ফোরকানের মা খুরশিদা বেগমও দাবি করেন, তাঁর ছেলে রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি বলেন, ‘শনিবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর আর খোঁজ পাচ্ছিলাম না। সে ইপিজেডে একটি কারখানায় কাজ করত।’
ঘটনাস্থলে নগরের ওমর গণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সৌমেন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘কামরুল আমাদের কলেজের ছোট ভাই। সে ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে যেত। তার খুনিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। প্রশাসন ব্যর্থ হলে কর্মসূচি ঘোষণা করব।’
নির্মাণাধীন ওই ভবনের প্রহরী মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘গেট সব সময় বন্ধ রাখি। মালিক কিংবা কেউ এলে খুলে দিই। শুনেছি, ভবনের এক পাশের দেয়াল টপকে ভেতরে ঢুকে বখাটে ছেলেরা এখানে রাতে আড্ডা দেয়।’
ভবনটির আশপাশের কয়েকজন বাসিন্দা জানান, রাতে প্রায় সময় বখাটে ছেলেরা এসে এখানে নেশা করে। তাদের মধ্যে ঝগড়াও হয় অনেক সময়। তবে রোববার রাতে কোনো শব্দ শুনতে পাননি তাঁরা।