চট্টগ্রামে সেপটিক ট্যাংকে দুই যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলের লাশ উদ্ধারের খবর পেয়ে আহাজারি করতে করতে ছুটে আসেন ফোরকানের মা খুরশিদা বেগম। ছবি: সৌরভ দাশ
ছেলের লাশ উদ্ধারের খবর পেয়ে আহাজারি করতে করতে ছুটে আসেন ফোরকানের মা খুরশিদা বেগম। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ষোলশহর ২ নম্বর গেট এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে আজ সোমবার সকাল ১০টার দিকে দুই তরুণের লাশ পাওয়া গেছে। তাঁরা হলেন কামরুল হাসান (১৭) ও মোহাম্মদ ফোরকান (১৮)। কামরুলের দুই পায়ের রগ ও জিব কাটা হয়েছে। তাঁর মুখ বাঁধা ছিল।

কামরুল নগরের ওমর গণি এমইএস কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁকে নিজেদের কর্মী বলে দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ছাত্রলীগ। পরিবারের পক্ষ থেকে রাজনীতির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার কথা অস্বীকার করা হয়েছে।
ফোরকান ইপিজেডের একটি কারখানায় কাজ করতেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

নিহত কামরুলকে নিজেদের কর্মী দাবি করেছে ছাত্রলীগ। প্রতিক্রিয়ায় নগরের ২ নম্বর গেট এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে সড়কে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: সৌরভ দাশ
নিহত কামরুলকে নিজেদের কর্মী দাবি করেছে ছাত্রলীগ। প্রতিক্রিয়ায় নগরের ২ নম্বর গেট এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে সড়কে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: সৌরভ দাশ

দুই যুবকের লাশ উদ্ধার করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক। তাত্ক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
ঘটনার পর নগরের ২ নম্বর গেট এলাকায় ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে সড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কামরুলের বাবা আবদুল হাকিম জানিয়েছেন, তাঁর ছেলে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। ফোরকানের মা খুরশিদা বেগম জানিয়েছেন, কে বা কারা কেন তাঁর ছেলেকে হত্যা করেছে, তার কিছুই জানেন না তিনি।