চট্টগ্রামে সোনার বার উদ্ধারের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
সোনার বারসহ ধরা পড়া এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৫ সালের ২২ এপ্রিল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০টি সোনার বারসহ ধরা পড়েন মাসকট থেকে আসা বিমানযাত্রী আবদুস শুক্কুর। এ ঘটনায় করা মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর আসামি আবদুস শুক্কুরকে কারাগারে পাঠানো হয়। তাঁর বাড়ি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, শুল্ক গোয়েন্দারা গত বছরের ২২ এপ্রিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুস শুক্কুরকে আটক করেন। তিনি মাসকট থেকে ওমান এয়ারের একটি উড়োজাহাজে করে দেশে ফিরেন। তাঁর কাছে ৪০টি সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। তদন্ত শেষে একই বছরের ১৪ জুন আবদুস শুক্কুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, তাঁর জানামতে গত পাঁচ বছরে চট্টগ্রামে কোনো সোনা চোরাচালান মামলার এটিই প্রথম রায়।