চট্টগ্রামে সৌন্দর্য বাড়ানোর কাজে সন্ত্রাসী হামলা, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে টাইগার পাস মোড়ে সৌন্দর্যবর্ধনের কাজের সময় সন্ত্রাসী হামলায় বায়োস্কোপ নামের ঢাকার একটি বিজ্ঞাপনী সংস্থার দুজন কর্মী আহত হয়েছেন। আহত আবদুল করিম ও আবদুল জলিলকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।জানা যায়, টাইগার পাস মোড়ের পাশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন একটি নার্সারিতে গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে বায়োস্কোপের চারজন কর্মী খুঁটি (পোল) এবং ডিজিটাল সাইনবোর্ড লাগানোর কাজ করছিলেন। এ সময় অন্তত ২৫ জন লোক এসে তাঁদের ওপর হামলা চালায় ও মারধর করে। একপর্যায়ে ওই প্রতিষ্ঠানের কর্মীরা পালিয়ে গেলে হামলাকারীরা মালামাল লুট করে নিয়ে যায়।বিষয়টি গতকাল বৃহস্পতিবার বায়োস্কোপ প্রথমে সিটি করপোরেশনের মেয়রকে জানায়। বিকেলে আহত করিম ও জলিল বিষয়টি লিখিতভাবে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগমকে জানান।বায়োস্কোপের পরিচালক দীপক মোর্শেদ বলেন, ‘কারা হামলা করেছে, তা আমরা সুস্পষ্টভাবে জানি না। তবে এটুকু বলতে পারি, তারা অবশ্যই বিজ্ঞাপন ব্যবসার সঙ্গে জড়িত। আমরা এখানে কারও সঙ্গে মল্লযুদ্ধ করতে আসিনি। কিন্তু এ ধরনের কাজ করলে তো চট্টগ্রামের সৌন্দর্য বাড়ানোর কাজ শেষ করা যাবে না।’মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘আমি চট্টগ্রামের বিজ্ঞাপন ব্যবসায়ীদের নেতা ফরিদ মাহমুদ ও মহিউদ্দিন বাচ্চুকে বলেছি, হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বের করতে হবে। এ ধরনের ঘটনা খুব দুঃখজনক।’চিটাগাং অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ মাহমুদ বলেন, ‘মেয়র ঢাকার বিজ্ঞাপনী সংস্থার লোকজনের ওপর হামলার কথা আমাকে বলেছেন। আমি বলেছি, যদি বিজ্ঞাপন ব্যবসার সঙ্গে জড়িত কেউ এ হামলার সঙ্গে জড়িত থাকে, তাহলে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।’