চট্টগ্রামে স্কুলে উপস্থিতি কম

অস্বাভাবিক গরমে চট্টগ্রামের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মূর্ছা যাওয়া এবং বমি করার ঘটনাও ঘটেছে একাধিক স্কুলে। এ অবস্থায় সিটি করপোরেশনের স্কুলগুলোর সময়সূচি এগিয়ে নেওয়া হয়েছে।
খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দিবা শাখায় গত বুধবার ৯০০ জনের মধ্যে ৫৪৫ জন এবং প্রভাতি শাখায় এক হাজার শিক্ষার্থীর মধ্যে ৬৪৭ জন উপস্থিত ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান জানান, প্রচণ্ড গরমই এর কারণ। চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জিয়াউল হায়দার বলেন, অস্বাভাবিক গরমের কারণে কয়েক দিন ধরে স্কুলে ছাত্রদের উপস্থিতি কম। নগরের রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন বহুমুখী উচ্চবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার উপস্থিতির হার ছিল মাত্র ২০ শতাংশ। প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্য বলেন, কয়েক দিন ধরে অনুপস্থিতি বাড়ছে।
গ্রামেও একই অবস্থা। গরমের কারণে পটিয়া খলিলুর রহমান উচ্চবিদ্যালয়ে উপস্থিতি অর্ধেকে নেমে এসেছে। গত মঙ্গলবার থেকে স্কুলটি প্রভাতি করে দেওয়া হয়েছে।
পরীক্ষায় অনুপস্থিত: প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়েছে। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। পরীক্ষায়ও শতভাগ উপস্থিতি নেই। পটিয়া উত্তর হরিণখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন বলেন, ‘আমার স্কুলে পরীক্ষায়ও শিক্ষার্থীরা অনুপস্থিত থাকছে। সেটা আরও কম হতো যদি উপবৃত্তি না থাকত। কারণ, অনেকে উপবৃত্তির জন্য জোর করে বাচ্চাকে পরীক্ষা দিতে পাঠান।’
অসুস্থতা: পটিয়ার জিরি বিবেকানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরমে দুই ছাত্র শ্রেণীকক্ষে বমি করা শুরু করে। গত মঙ্গলবার পশ্চিম কুসুমপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ছাত্র বমি করে অজ্ঞান হয়ে পড়ে। ওই দিন চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ইমারাতুন্নেসা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম জানান, গত সোম ও মঙ্গলবার তিন-চারজন মেয়ে গরমে বমি করতে থাকে। পাথরঘাটা মেনকা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে ২২ এপ্রিল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী গরমে মাথা ঘুরে পড়ে যায়।
এ অবস্থায় সিটি করপোরেশনের শিক্ষা বিভাগ ২২ এপ্রিল এক নির্দেশনায় বিদ্যালয়ে পাঠদানের সময়সীমা সকাল সাড়ে আটটা থেকে বেলা একটা পর্যন্ত নির্ধারণ করেছে।
করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, অসহনীয় গরমের কারণে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা বিবেচনা করে স্কুলগুলোয় পাঠদানের সময় এগিয়ে আনা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘একটি বাচ্চা এই গরমের মধ্যে আধা কিলোমিটার হেঁটে স্কুলে গেলে তার হিটস্ট্রোক কিংবা পানিশূন্যতাজনিত সমস্যা দেখা দিতে পারে।’
সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা গরমে ছটফট করছে। ন্যাশনাল প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা কিছুক্ষণ পর পর বাথরুমে গিয়ে মাথা ভিজিয়ে নিচ্ছিল। মিউনিসিপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাইরে গিয়ে আইসক্রিম কিনে খাচ্ছিল।
করণীয়: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, এ সময় স্কুলের ছেলেমেয়েদের যতদূর
সম্ভব রোদ এড়িয়ে চলতে হবে। আর একান্তই রোদে চলাফেরা করার সময় ছাতা ব্যবহার করা যেতে পারে। প্রচুর পরিমাণ পানি, বিশেষ করে স্যালাইন ওয়াটার, ওরস্যালাইন খাওয়া দরকার। বাচ্চাদের ঢিলেঢালা জামাকাপড় পরানো উচিত। কোনোভাবেই বাইরের পচা-বাসি খাবার, নিম্নমানের আইসক্রিম ও শরবত খাওয়ানো যাবে না।
৫০ শতাংশ বিদ্যুৎহীন: চট্টগ্রামে মোট তিন হাজার ৪৬৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি দুই হাজার ২০৬টি। এসব স্কুলের মধ্যে ৫০ শতাংশে বৈদ্যুতিক সংযোগ নেই। ফলে এই গরমে শিক্ষার্থীদের নাভিশ্বাস উঠেছে। আবার অনেক স্কুলে বিদ্যুৎ থাকলেও শ্রেণীকক্ষে পাখার ব্যবস্থা নেই। কুসুমপুরা রহমানিয়া স্কুলের প্রধান শিক্ষক সীমা পাল বলেন, ‘আমাদের স্কুলে বিদ্যুৎ থাকলেও শ্রেণীকক্ষে পাখা নেই।’ একইভাবে জিরি বিবেকানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক সংযোগই নেই।
গ্রীষ্মের ছুটি বর্ষায়: কলেজিয়েট স্কুলের এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, গরমে শিক্ষার্থীদের প্রাণ যায়। কিন্তু গ্রীষ্মের ছুটি নাকি হবে মে-জুনে। তখন তো বর্ষা চলে আসবে। উচ্চবিদ্যালয়ে আগামী ১৪ মে থেকে শুরু হবে গ্রীষ্মের ছুটি। ২ জুন শেষ হবে ছুটি। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ১৯ মে থেকে ৫ জুন পর্যন্ত এই ছুটি হবে। তবে ছুটি এগিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে জানা গেছে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কয়েক দিন থেকে ‘অ্যাসেম্বলি’ বন্ধ রেখেছি। এ ছাড়া গ্রীষ্মের ছুটি এগিয়ে আনা যায় কি না, তা বিবেচনা করতে শিক্ষামন্ত্রীর কাছে লিখিতভাবে অনুরোধ জানিয়েছি।’