চট্টগ্রামে স্কুলে যাওয়ার পথে ভাইবোন অপহূত, পরে উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বড়পোল এলাকা থেকে গতকাল মঙ্গলবার অপহূত স্কুলশিক্ষার্থী দুই ভাইবোনকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণকারী সন্দেহে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। গতকাল সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ভাইবোনকে অপহরণ করা হয়। উদ্ধার হওয়া দুই ভাইবোন হলো সুরাইয়া আক্তার (৮) ও যুবায়ের গাজী (৬)।র্যাব সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন সখিনা বেগম (৫৫) ও ঝর্ণা বেগম (৪৫)। তাঁদের বাসা বন্দর থানা এলাকায়। পাচারের উদ্দেশ্যে তাঁরা দুই শিশুকে অপহরণ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। শিশু দুটি পটুয়াখালীর কলাপাড়া থানার জাকির গাজীর সন্তান। চট্টগ্রামে কলসী দীঘিরপাড় এলাকায় থাকে তারা।র্যাবের উপ-অধিনায়ক মেজর আবদুস সামাদ বলেন, ‘দুই নারী পাচারের উদ্দেশ্যে ভাইবোনকে অপহরণ করেছিলেন। তাঁরা র্যাবকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের সঙ্গে আরও বড় চক্র রয়েছে। আমরা চক্রটি ধরতে অভিযান চালাচ্ছি।’জানা গেছে, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে নগরের বন্দর থানাধীন কলসী দীঘিরপাড়ের সোনালী আইডিয়াল কেজি স্কুলের উদ্দেশে বের হয় সুরাইয়া ও যুবায়ের। অপহরণকারীরা মুখ বেঁধে বাদামতলা মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে তাদের নিয়ে যান। তাদের মা রেশমা বেগম সাড়ে সাতটার দিকে স্কুলে খবর নিয়ে জানতে পারেন, তাঁর সন্তানেরা স্কুলে যায়নি। পরে তিনি র্যাবকে বিষয়টি জানান।র্যাব নয়টার দিকে বড়পোল বিশ্বরোড এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় দুই ভাইবোনকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে সখিনা ও ঝর্ণাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।