চট্টগ্রামে স্টাম্পের আঘাতে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ক্রিকেট খেলার সময় স্টাম্পের আঘাতে মো. ফয়সাল (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। নগরের কলেজিয়েট স্কুলমাঠের পাশে একটি খোলা জায়গায় ক্রিকেট খেলার সময় আঘাত পায় ফয়সাল।
ফয়সালের মৃত্যুর কারণ নিয়ে তার পরিবারের সদস্যদের কাছ থেকে দুই রকম ভাষ্য পাওয়া গেছে। দুই ভাই মাসুম ও মাকসুদ দুর্ঘটনাবশত ফয়সালের মাথায় স্টাম্প লাগার কথা বললেও আরেক ভাই মো. মামুন অভিযোগ করে, মাঠে মারধর করার কারণে ফয়সাল মারা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ খেলার সময় মাঠে থাকা ফয়সালের তিন বন্ধুকে আটক করেছে। মাসুম ও মাকসুদ তখন মাঠে ছিল।
নিহত ফয়সাল নগরের আইস ফ্যাক্টরি রোডের পাশের মরিচ্যাপাড়া এলাকার মো. শাহজাহানের ছেলে। পাঁচ ভাই দুই বোনের মধ্যে ফয়সাল চতুর্থ। পরিবারের একটি পানের দোকান রয়েছে। সেখানে সে মাঝেমধ্যে বেচাকেনার কাজ করত। বাবা শাহজাহান মাছের আড়তে কাজ করেন। অন্য ভাইয়েরা পড়ালেখা খুব একটা এগোতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রতিদিন বিকেলে মরিচ্যাপাড়া ও আশপাশের কিশোর এবং তরুণেরা নগরের কলেজিয়েট স্কুলমাঠের পাশে একটি খোলা জায়গায় ক্রিকেট খেলে। ফয়সাল ও তার দুই বড় ভাই মাসুম ও মাকসুদও খেলতে যায়। খেলার একপর্যায়ে আরাফাত নামের একজন স্টাম্প ছুড়ে মারলে ফয়সাল মাঠে লুটিয়ে পড়ে। পরে আরাফাতসহ অন্যরা মিলে ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার বলেন, ‘আমরা তার ভাই ও অন্যদের সঙ্গে কথা বলে জেনেছি, ছুড়ে মারা স্টাম্পের আঘাতে ফয়সাল মারা গেছে। অন্যান্য কারণও খতিয়ে দেখছি। ফয়সালের বাঁ কানের নিচে স্টাম্পের আঘাত লাগে। এ ছাড়া কপালের এক পাশে ক্ষত রয়েছে। স্টাম্পের আঘাত খেয়ে পড়ে যাওয়ার পর কপালের ক্ষতটি হতে পারে।’
ফয়সালের সঙ্গে খেলায় অংশ নেওয়া ভাই মাসুম ও মাকসুদ বলে, এটা দুর্ঘটনাবশত হয়েছে। গতকাল সন্ধ্যায় হাসপাতালের পুলিশ ফাঁড়িতে ওসি মর্জিনা ফয়সালের দুই ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন। তখন বড় ভাই মো. মামুন এসে চিৎকার করে বলতে থাকে, ফয়সালকে ইচ্ছাকৃতভাবে মারা হয়েছে।
মামুন প্রথম আলোকে বলে, ‘আরাফাত আমার ভাইকে ইচ্ছা করে স্টাম্প দিয়ে আঘাত করেছে।’
পরে পুলিশ আরাফাত আমজাদী, ইরফান উদ্দিন ও নিজামউদ্দিন নামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। এই তিনজন এবং তার দুই ভাই মিলে ফয়সালকে হাসপাতালে নিয়ে আসে।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন বলেন, তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। দেখা যাক অন্য কোনো কারণ বের হয় কি না।