চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আশ্রাফ আলীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার আসামির অনুপস্থিতিতে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আশ্রাফ সাতকানিয়া উপজেলার মাদার্শা গ্রামের আবদুর রহমানের ছেলে।
দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি এম এ নাছের চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ৬ ফেব্রুয়ারি সাতকানিয়ার মাদার্শা গ্রামে স্ত্রী ছেনোয়ারা বেগমকে শ্বাসরোধে হত্যা করে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ছেনোয়ারার লাশ মাটিতে পুঁতে রাখেন আশ্রাফ আলী।
ওই দিন রাতেই লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত ছেনোয়ারার বাবা আবু মিয়া বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে একই বছরের ১০ জুলাই পুলিশ আশ্রাফের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।