চট্টগ্রামে স্ত্রীকে নির্যাতন, ৯৯৯–এ ফোনে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী নির্যাতন
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় স্ত্রীকে নির্যাতনের দায়ে স্বামী মুজিবুর রহমানকে আটক করেছে পুলিশ। দুই মাস ধরে আটকে রেখে ওই গৃহবধূকে নির্যাতন করা হচ্ছিল। ভুক্তভোগীর বাবা জাতীয় জরুরি সেবায় ফোন করে সহযোগিতা চাওয়ার পর পুলিশ তাঁকে উদ্ধার করে।
নগরের খুলশী থানার ১ নম্বর সড়কের সি ব্লকের একটি ভবনে এ ঘটনা ঘটে। শনিবার রাত ১০টায় ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, ওই নারীকে দুই মাস ধরে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় রাতে ভুক্তভোগী নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান প্রথম আলোকে বলেন, আটকে রেখে ওই নারীর ওপর নৃশংস নির্যাতন চালানো হয়। গৃহবধূর বাবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে নির্যাতনের ঘটনা জানান। পরে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে এবং স্বামীকে গ্রেপ্তার করে। ওসি জানান, ওই নারীর শরীরের বিভিন্ন অংশে পোড়া দাগ ছিল। মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছেন।