চট্টগ্রামে স্ত্রীকে মারধর করায় স্বামীর কারাদণ্ড
স্ত্রীকে মারধর করায় এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাকির হোসেন এই রায় দেন। আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. সেলিমের (৫৫) বাড়ি চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পূর্ব মুহুরিপাড়া এলাকায়। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এম এ নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত, ২০০৩) ১১(গ) ধারায় মো. সেলিমকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।’সূত্র জানায়, ২০১১ সালের ১৫ মার্চ সেলিম দুই লাখ টাকা যৌতুকের দাবিতে তাঁর স্ত্রীকে প্রতিবেশীদের সামনে মারধর করেন। ওই ঘটনায় সেলিমের স্ত্রী তাঁর বিরুদ্ধে মামলা করেন। ওই বছরের ২১ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর চার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আদালত রায় দেন।