চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে হত্যার দায়ে চট্টগ্রামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিচারক শফিকুল করিম গতকাল সোমবার এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম চন্দন কর। মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৫ মার্চ সীতাকুণ্ডের মহাদেবপুরের ননী গোপাল নাথের ছেলে চন্দন করের সঙ্গে রাউজানের উত্তর গুজরার অনিল দত্তের মেয়ে শুক্লার বিয়ে হয়। বিয়ের পর থেকে শুক্লাকে নির্যাতন করা হতো। ২০০৯ সালের ১ জুন শুক্লাকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালানো হয়। এ ঘটনার পর শুক্লার ভাই অসিক দত্ত বাদী হয়ে স্বামী চন্দন কর, শাশুড়ি স্বপ্ন করসহ তিনজনকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করেন। একই বছরের ২৭ জুলাই মামলার অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগ গঠন করা হয় গত ১ ফেব্রুয়ারি। মামলাটি গত ১৩ মে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে গতকাল আদালত চন্দনকে দোষী সাব্যস্ত করে রায় দেন। অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়।