চট্টগ্রামে স্ত্রীর হাতে স্বামী খুন
চট্টগ্রামের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকায় গত বুধবার রাতে স্ত্রীর হাতে খুন হয়েছেন এক ব্যক্তি। হত্যাকাণ্ডের পর ওই নারী বাড়ি ছেড়ে পালিয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে মামলা করেছেন।
নিহত ব্যক্তির নাম আইয়ুব চৌধুরী (৫১)। তাঁর বাড়ি পটিয়া উপজেলার রশিদাবাদ গ্রামে। নগরের মাস্টারপুল এলাকার নিজ বাড়িতে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে বুধবার রাত সাড়ে ১২টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ সময় আইয়ুব চৌধুরীর মেজো মেয়ে তানজিনা চৌধুরী উভয়কে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে প্রতিবেশীরা এসে তাঁদের ঝগড়া থামায়।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) মোসতাক আহমেদ বলেন, প্রথম দফা ঝগড়া থামানোর কিছুক্ষণ পর স্বামী-স্ত্রীর মধ্যে আবার ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আইয়ুবের স্পর্শকাতর অংশ চেপে ধরেন তাঁর স্ত্রী। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা আইয়ুবকে মৃত ঘোষণা করেন। আইয়ুবের তিন মেয়ের মধ্যে বড়টির বিয়ে হয়েছে। মেজো মেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং ছোট মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে।