চট্টগ্রাম নগরে গাড়ির চাপ কমাতে ১৯ বছর আগে শহরতলির ফৌজদারহাট ও হাটহাজারী সড়কের বালুছড়া এলাকায় দুটি বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্প দুটি বাস্তবায়ন করার কথা ছিল। দেড় যুগের বেশি সময় পেরিয়ে গেলেও প্রকল্পগুলো বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম নগরে গড়ে ওঠেনি কোনো স্থায়ী বাস টার্মিনাল।
তবে সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘নগরের কয়েকটি বড় উন্নয়ন প্রকল্পের অনুমোদন নিতে আমি এখন ঢাকায়। এর মধ্যে বালুছড়া ও ফৌজদারহাট বাস টার্মিনাল নির্মাণ প্রকল্পও রয়েছে। আগামী বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রকল্প দুটির ব্যয় নিয়ে আলোচনা হবে। পরে তা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী পর্ষদে (একনেক) পাঠানো হবে।’
সিডিএর চেয়ারম্যান বলেন, ‘এই সরকারের মেয়াদেই আমি প্রকল্প দুটির অর্থায়নের ব্যবস্থা চূড়ান্ত করতে পারব। আশা করছি, আগামী বছরই প্রকল্প দুটি বাস্তবায়নে কাজ শুরু করা যাবে।’
জানা গেছে, চট্টগ্রাম নগরের কদমতলী ও বহদ্দারহাটে দুটি বাস টার্মিনাল রয়েছে। নগরের যানজটের অন্যতম কারণ এই দুটি টার্মিনাল। কদমতলী থেকে বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা এবং বহদ্দারহাট থেকে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার রুটের বাস চলাচল করে।
সিডিএ সূত্র জানায়, ফৌজদারহাটে স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ হলে কদমতলী ও অলংকারের অস্থায়ী টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। একইভাবে বালুছড়ায় টার্মিনাল হলে অক্সিজেন মোড়ের অস্থায়ী টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। আর কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে আরেকটি টার্মিনাল নির্মাণের চিন্তাভাবনা চলছে। তখন বহদ্দারহাট টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। এতে নগরে যানজট অনেকটা কমবে।
পুলিশ সূত্র জানায়, গাড়ির চাপ বাড়ার পাশাপাশি স্থায়ী বাস টার্মিনাল না থাকায় যানজটের শহরে পরিণত হচ্ছে চট্টগ্রাম। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর নগরের মুরাদপুর থেকে অস্থায়ী বাস টার্মিনাল সরিয়ে অক্সিজেন এলাকায় নেওয়া হয়। একইভাবে দামপাড়ার অস্থায়ী টার্মিনাল সরিয়ে অলংকারে নেওয়া হয়। কিন্তু স্থায়ী টার্মিনাল নির্মিত না হওয়ায় সমস্যার সমাধান হয়নি।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে প্রতিদিন গড়ে ২৫-২৬ হাজার ও অক্সিজেন-হাটহাজারী সড়কে ১৮ হাজার গাড়ি চলাচল করে। ঢাকা-চট্টগ্রাম পথে প্রতিদিন দুই হাজার ৫০০ থেকে তিন হাজার এবং অক্সিজেন-হাটহাজারী পথে পাঁচ শতাধিক বাস শহরে ঢোকে বা বের হয়।
ট্রাফিক পুলিশ জানায়, নগর এলাকায় প্রতিদিন ৮৭৭ বাস, ৪৯০ হিউম্যান হলার, দুই হাজার ১৫৯ টেম্পো, ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা, ১৫ হাজার ট্রাক, ১২ হাজার ব্যক্তিগত গাড়ি ও এক হাজার ৫০০ জিপ চলাচল করছে।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, অস্থায়ী টার্মিনাল হওয়ার পর থেকে অলংকার ও অক্সিজেন মোড়ে নিয়মিত যানজট লেগে আছে। নগরের প্রবেশপথ হিসেবে পরিচিত এই দুটি মোড়ে যানজট নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
চট্টগ্রাম মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান বলেন, ‘অলংকার, অক্সিজেন এবং শাহ আমানত সেতুর কাছে রাস্তার ওপর অস্থায়ী বাস টার্মিনাল করায় যান চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। নগরে ঢুকতে ও বের হতে অনেক ভোগান্তি পোহাতে হয়। তাই স্থায়ী বাস টার্মিনাল নির্মাণের কোনো বিকল্প নেই।’
সিডিএ সূত্র জানায়, ২০০৯ সালে প্রকল্প দুটি বাস্তবায়নে ২৮২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। পুরো অর্থের জোগান দেওয়ার কথা ছিল সিডিএর। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বাস্তবায়নের কাজ শুরুর কথা ছিল। কিন্তু সেই উদ্যোগ ভেস্তে যায়। তাই নতুন করে প্রকল্প ব্যয় নির্ধারণ করতে বুধবার মন্ত্রণালয়ে বৈঠক বসছে।
সিডিএর প্রকৌশলীরা জানান, নগরের একমাত্র আন্তজেলা বাস টার্মিনাল কদমতলীতে অবস্থিত। এই টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় এক হাজার বাস বিভিন্ন গন্তব্যে যায়। এতে নগরে গাড়ির চাপ বেড়ে গেছে। একইভাবে রাঙামাটি, খাগড়াছড়ি, হাটহাজারী, নাজিরহাট, রাউজান ও ফটিকছড়ির মধ্যে চলাচলকারী বাসের অস্থায়ী টার্মিনাল হিসেবে অক্সিজেনকে ব্যবহার করা হচ্ছে। আবার ঢাকা, উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলার বাসের অস্থায়ী টার্মিনাল হিসেবে ব্যবহূত হচ্ছে অলংকার। চট্টগ্রামকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে ফৌজদারহাট ও বালুছড়ায় দুটি বাস টার্মিনাল নির্মাণ করতে হবে।