চট্টগ্রামে বিক্ষুব্ধ ও প্রতারিত বিনিয়োগকারীদের হাতে আটক স্পিক এশিয়া নামের এমএলএম কোম্পানির দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। গত রোববার রাতে নগরের মোমিন রোডে এই দুই কর্মকর্তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছিল। গতকাল সোমবার তাঁদের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন স্পিক এশিয়ার জ্যেষ্ঠ প্যানালিস্ট এম এ আজিজ ওরফে রাজু ও প্যানেল লিডার মোরশেদ মঞ্জু। এ দুজন ছাড়াও মামলায় আহমেদ ইমতিয়াজ ও হিল্লোল সেন নামে আরও দুই কর্মকর্তাকে আসামি করা হয়েছে। কোতোয়ালি থানার এসআই মাসুক করিম বলেন, ‘ছয়জন বিনিয়োগকারীর ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। বাদী ছাড়া প্রতারণার শিকার বাকি বিনিয়োগকারীদের মামলায় সাক্ষী হিসেবে রাখা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। বাকি দুজন পলাতক রয়েছেন।’গত রোববার রাতে চট্টগ্রাম নগরের মোমিন রোডে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা স্পিক এশিয়া অনলাইন ডটকম নামে ওই মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির কথিত দুই কর্মকর্তাকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে বিনিয়োগকারীদের রোষানল থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।রোববার রাতে সুমন চক্রবর্তী নামে এক সাধারণ বিনিয়োগকারী তাঁদের বিরুদ্ধে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন।