চট্টগ্রামে স্বতঃপ্রণোদিত মামলায় আসামি গ্রেপ্তার, কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আদালতের এক কর্মীকে (জারিকারক) মারধরের মামলায় পুলিশ গত বুধবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে বুধবার বিকেলে ওই ব্যক্তির বিরুদ্ধে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা করেন এবং তাৎক্ষণিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।আদালত সূত্র জানায়, আসামির নাম মো. আবু তৈয়ব। পাঁচলাইশ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি জামিনের আবেদন করলে মহানগর হাকিম ২০ মার্চ শুনানির দিন ধার্য করেন।সূত্র আরও জানায়, গত ৯ ফেব্রুয়ারি একটি চেকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার চিঠি নিয়ে আদালতের জারিকারক শাহজাহান কবির আসামি আবু হানিফের পাঁচলাইশের বাসায় যান। এ সময় হানিফের ভাই তৈয়ব উত্তেজিত হয়ে শাহজাহানকে মারধর করেন এবং তাঁর পরিচয়পত্র নালায় ফেলে দেন। এ ঘটনায় জারিকারক আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। বুধবার মহানগর হাকিম স্বতঃপ্রণোদিত হয়ে ১৯০(১)(গ) ধারায় তৈয়বের বিরুদ্ধে মামলাটি করেন এবং পরে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।