চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বন্দর দস্যু-ঝুঁকিমুক্ত
চট্টগ্রাম বন্দর জলদস্যু থেকে ঝুঁকিমুক্ত দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, জলদস্যুতা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থাগুলো চট্টগ্রাম বন্দরকে জলদস্যু ঝুঁকিমুক্ত হিসেবে তুলে ধরেছে। এতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। অথচ বিগত বিএনপি-জামায়াত সরকারের সময় চট্টগ্রাম বন্দর বিশ্বের ঝুঁকিপূর্ণ বন্দরগুলোর শীর্ষে ছিল।গতকাল সোমবার চট্টগ্রামের আনোয়ারার সাঙ্গু এলাকায় কোস্টগার্ডের উপকূলীয় দুর্যোগব্যবস্থাপনা কেন্দ্র (সিসিএমসি) উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় দেশের উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের জন্য এ ধরনের ১৯টি কেন্দ্র নির্মাণ করা হবে।জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা রিক্যাপের গবেষণাকর্ম তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, চট্টগ্রাম বন্দর ও আশপাশের এলাকায় এখন জলদস্যুতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ছিঁচকে চুরি কমেছে ৫০ শতাংশ। এটি বর্তমান সরকারের একটি অর্জন।কোস্টগার্ডকে একটি সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপকূলীয় দুর্যোগ মোকাবিলা ও ঘূর্ণিঝড়ের সময় জনগণকে সেবা দিয়ে কোস্টগার্ড সুনাম কুড়িয়েছে।অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, স্বরাষ্ট্রসচিব মনজুর হোসেন ও কোস্টগার্ডের মহাপরিচালক কাজী সরোয়ার হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, চট্টগ্রামের পুলিশ কমিশনার আবুল কাশেমসহ রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শঙ্খ নদের মোহনায় কোস্টগার্ডের এ কেন্দ্র নির্মাণে প্রায় ১৪ কোটি টাকা খরচ হয়েছে। এ কেন্দ্রের পাশে গতকাল একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়।অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেন, কেবল কোস্টগার্ডের দুর্যোগ মোকাবিলা কেন্দ্র হিসেবেই নয়, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের সময় এগুলো আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হবে। এতে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচবে।