চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী গুলিবিদ্ধ
স্বর্ণের দোকান বন্ধ করে বাসায় ফেরার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন একজন ব্যবসায়ী। গুলিবিদ্ধ এই ব্যবসায়ীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত বৃহস্পতিবার রাতে নগরের পাঁচলাইশ থানার খতিবেরহাট এলাকায় এ সন্ত্রাসী ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো দুর্বৃত্ত গ্রেপ্তার হয়নি।গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ীর নাম বিষ্ণু ধর (৪০)। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সন্ত্রাসীদের ছোড়া গুলি তাঁর বুকের ডান অংশে বিদ্ধ হয়। দুর্বৃত্তরা তাঁর বাঁ পায়ের ঊরুতে ছুরিকাঘাত করে। পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে স্বর্ণের দোকান বন্ধ করে রিকশায় করে বাসায় যাচ্ছিলেন বিষ্ণু ধর। এ সময় সশস্ত্র চার-পাঁচ দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে দাঁড়ায়। দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে ১৫ হাজার টাকা, একটি আংটি ও এক জোড়া কানের দুল কেড়ে নেয়। এ সময় তাঁকে ছুরিকাঘাত ও একটি গুলি ছুড়ে দুর্বৃত্তরা দ্রুত সটকে পড়ে। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, বিষ্ণু ধরের পরিবার থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউ মামলা দিতে আসেনি। তবে সন্ত্রাসী ঘটনার পরই পুলিশ অভিযান শুরু করে। ছাত্রশিবিরের সন্ত্রাসী দলের সদস্যরা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।