চট্টগ্রামে স্বর্ণমুদ্রা উদ্ধার নিয়ে যা করেছে গোয়েন্দা পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আমানত শাহ মাজার এলাকা থেকে গত ৬ এপ্রিল সন্ধ্যায় নগর গোয়েন্দা পুলিশ ৯৫টি স্বর্ণের মুদ্রাসহ চারজনকে আটক করে। এঁদের মধ্যে স্বর্ণ বিক্রেতা সুমন পাল পুলিশের সোর্স এবং বাকিরা ক্রেতা। গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাঁদের এক রাত আটকে রাখা হয়। পরদিন সুমনকে গ্রেপ্তার দেখিয়ে তিন ক্রেতাকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, পুলিশ স্বজনদের কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়ে তিন ক্রেতাকে ছেড়ে দেয়। ছাড়ার আগে ক্রেতাদের একজন আফছার হোছাইনকে বাদী করে গোয়েন্দা পুলিশ কোতোয়ালি থানায় একটি মামলা (মামলা নম্বর-১৩) করায়। মামলায় সুমনের বিরুদ্ধে নকল স্বর্ণের মুদ্রা বিক্রির নামে প্রতারণার অভিযোগ আনা হয়। স্বর্ণের অন্য দুই ক্রেতা ছিলেন ইসমাইল (৩০) ও মো. জসিম উদ্দীন (২৩)। দুজনই আফছারের বন্ধু বলে জানা গেছে।আফছার দাবি করেন, ‘সুমন আমাকে একবার বায়েজিদ বোস্তামী মাজার আবার অন্য মাজারে মুদ্রাগুলো হস্তান্তরের কথা বলে। আমি দূরে যেতে রাজি হইনি। পরে আমানত শাহ মাজারের সামনে এলে আমি বন্ধুদের নিয়ে স্বর্ণমুদ্রাগুলো যাচাই করতে যাই। সেখানে সুমনের সঙ্গে কথা বলার একপর্যায়ে সাদা পোশাক পরা এক লোক আমাকে হাতকড়া পরিয়ে বলেন, “তোমার কাছে স্বর্ণের মুদ্রা আছে।” এরপর তিনি আমার ছোট হাত ব্যাগে কয়েকটি মুদ্রা ঢুকিয়ে দেন। পরে সবাইকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।’আফছার অভিযোগ করেন, ‘সুমন আমাকে ফাঁসিয়ে টাকা আদায় করতে চেয়েছিল। আমাদের আটকের পর গোয়েন্দা পুলিশের এক বড় কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন আমাদের কাছে সাড়ে তিন লাখ টাকা দাবি করেন। বন্ধু ও স্বজনদের খবর দিলে আড়াই লাখ টাকা দিয়ে আমাদের মুক্ত করে। তবে আমাদের দুটি মুঠোফোন ফেরত দেয়নি।’ আফছারের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী মো. মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমি ডিবি পুলিশের কাছে গেলে তাঁরা তিনজনকে ছাড়ার জন্য তিন লাখ টাকা দাবি করেন। অন্যথায় তাঁদের মামলায় চালান করে দেওয়া হবে। পরে গোয়েন্দা কার্যালয়ে গিয়ে এসআই হেলাল ও কনস্টেবল সন্তোষকে তিন দফায় আড়াই লাখ টাকা দেওয়ার পর তিনজন মুক্তি পান।’আফছার অভিযোগ করে বলেন, ‘স্বজনেরা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে ৬ এপ্রিল রাতে এক লাখ ২০ হাজার টাকা ও পরদিন দুই দফায় আরও দেড় লাখ টাকা দেন। আমাদের ঘনিষ্ঠ এক ব্যক্তির মাধ্যমে এ বিষয়ে পুলিশ কমিশনারের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি।’ তবে নগর পুলিশের কমিশনার মো. আবুল কাশেম বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার ব্যাপারে আমি অভিযোগ পাইনি।’এসআই হেলাল কোনো টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশের সোর্স সুমন স্বর্ণের মুদ্রা দিয়ে আফছার ও তাঁর বন্ধুদের ফাঁসাতে চেয়েছিলেন। সুমন আগের দিন আমাদের জানিয়েছিলেন, স্বর্ণের মুদ্রা কেনাবেচা হবে। তাঁর তথ্য অনুযায়ী, আমরা ওত পেতেছিলাম। পরে সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদসহ আমরা যাচাই-বাছাই করে নির্দোষ তিনজনকে ছেড়ে দিয়েছি।’ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানান, এ ধরনের স্বর্ণের বেচাকেনা অপরাধ। ফলে ক্রেতা-বিক্রেতা সমান অপরাধী। গোয়েন্দা পুলিশ এক পক্ষকে ছেড়ে অন্য পক্ষের বিরুদ্ধে মামলা করানোয় সন্দেহ দেখা দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, ‘মামলার বাদীকে আটকের পর ছেড়ে দিয়ে কেন তাঁকে দিয়ে মামলা করানো হলো—এ বিষয়ে আমি গোয়েন্দা কর্মকর্তাদের প্রশ্ন করেছিলাম। কিন্তু তাঁরা কোনো সদুত্তর দিতে পারেননি।’ তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বাদী-বিবাদী উভয়ই এ ধরনের নকল স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত।’থানায় দেওয়া এজাহারে বলা হয়, গোয়েন্দা পুলিশ নগরের আমানত শাহ মাজার এলাকা থেকে গত ৬ এপ্রিল সন্ধ্যায় নকল স্বর্ণমুদ্রা বেচাকেনার অভিযোগে চারজনকে আটক করে। তাঁদের মধ্যে সুমন পাল ৯৫টি স্বর্ণমুদ্রা ১০ লাখ টাকায় বিক্রির জন্য রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী আফছারের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ওই ব্যবসায়ী মুদ্রাগুলো দেখার জন্য তাঁর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে যান।