চট্টগ্রামে স্বর্ণের দোকান বন্ধ রেখে মালিকদের মানববন্ধন, স্মারকলিপি
চট্টগ্রাম নগরীর স্বর্ণের দোকানের মালিকেরা গতকাল সোমবার দোকানপাট বন্ধ রেখেছিলেন। স্বর্ণের দোকানে ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, দোকানগুলোর সামনে র্যাব-পুলিশ মোতায়েন, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারসহ ছয় দফা দাবিতে জুয়েলার্স সমিতি দোকানপাট বন্ধ রাখে। সমিতির নেতারা মানববন্ধন কর্মসূচি পালন ছাড়াও চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।জুয়েলার্স সমিতি সূত্র জানায়, সম্প্রতি নগরের লাকি প্লাজা ও বহদ্দারহাটের একটি মার্কেটের স্বর্ণের দোকানে ডাকাতি হয়। এসব ডাকাতির ঘটনায় পুলিশ প্রশাসনকে তাগাদা দিয়ে কোনো ফল পাওয়া যায়নি। তাই প্রতিবাদ জানাতে জুয়েলার্স সমিতি রাস্তায় নামে। গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালন শেষে স্বর্ণের দোকানের মালিক-শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে তাঁরা ছয় দফা দাবি তুলে ধরেন।বাংলাদেশ জুয়েলার্স সমিতির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি চট্টগ্রামসহ সারা দেশে স্বর্ণের দোকানে চুরি-ডাকাতি বেড়ে গেছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। কিন্তু চট্টগ্রামের দুটি মার্কেটের স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় কোনো ডাকাত ধরা পড়েনি। উদ্ধারও হয়নি লুণ্ঠিত স্বর্ণ। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতির ডাকা ধর্মঘট গতকাল চুয়াডাঙ্গায় পালিত হয়েছে। ধর্মঘট চলাকালে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল হয়। পরে মিছিলটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে সমাবেশ করে। এতে চুয়াডাঙ্গা জুয়েলারি সমিতির নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে জেলা প্রশাসক ভোলানাথ দের কাছে স্মারকলিপি পেশ করা হয়।