চট্টগ্রামে স্বাচিপের আট নেতার বিরুদ্ধে সিভিল সার্জনের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আওয়ামী লীগ-সমর্থিত সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আট নেতার বিরুদ্ধে মামলা করেছেন জেলার সিভিল সার্জন মো. আবু তৈয়ব। ‘মানহানিকর ও কুরুচিপূর্ণ’ পোস্টার লাগানোর অভিযোগে গতকাল রোববার মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে এই মামলা হয়। আদালত আট বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেছেন।মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন স্বাচিপের চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি মো. মজিবুল হক খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী, বিএমএর সহ-সভাপতি মাহবুবুল আলম, স্বাচিপ চট্টগ্রাম জেলার সদস্য সচিব ডা. মো. শরীফ, বিএমএর পাঠাগার সম্পাদক মুইজ্জুল আকবর চৌধুরী, দপ্তর সম্পাদক আবুল হোসেন শাহীন, বিজ্ঞানবিষয়ক সম্পাদক বিশ্বজিৎ দত্ত ও সদস্য মনোয়ারুল হক শামীম।মামলা সম্পর্কে বিবাদী ফয়সাল ইকবাল প্রথম আলোকে বলেন, ‘মামলা করেছেন শুনেছি। মামলা মোকাবিলা করব। আমরাও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা করতে পারি।’মামলার আরজিতে বলা হয়, গত ২২ নভেম্বর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের বিশ্রাম কক্ষ থেকে ডা. আবু তৈয়বের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বের করা কিছু পোস্টার পুলিশ জব্দ করে। ওই সব পোস্টারে সিভিল সার্জনকে জামায়াত-শিবিরের দোসর এবং প্রস্তাবিত বেগম ফজিলাতুন্নেসা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিরোধিতাকারী বলে আখ্যায়িত করা হয়।