চট্টগ্রামে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নগরবাসী। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে গতকাল শুক্রবার রাত ১২টার আগে থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে ফুল হাতে অপেক্ষা করতে থাকে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ। আজ শনিবার সকালেও অনেকে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে।

দিবসের প্রথম প্রহরে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে প্রথম শ্রদ্ধা জানান ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। পরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগর বিএনপি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান ও দেবদাশের নেতৃত্বে নগর পুলিশ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

এ ছাড়া উত্তর জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, নগর যুবলীগ, উত্তর জেলা ছাত্রলীগ, নগর স্বেচ্ছাসেবক লীগ, উত্তর জেলা যুবলীগ, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় পার্টি নগর শাখা, জাতীয় যুব সংহতি নগর শাখাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় স্লোগানে স্লোগানে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনার এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। পুলিশের পাশাপাশি নিয়োজিত ছিল র‍্যাবও। এদিকে, আজ সকালেও বিভিন্ন সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ মিনারে ফুল দিয়ে স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।